সময়ের জনপ্রিয় নির্মাতা রায়হান রাফী। সত্য ঘটনার অনুপ্রেরণায় সিনেমা বা কনটেন্ট নির্মাণে জুড়ি নেই তার। একের পর এক হিট কনটেন্ট দিয়ে তিনি তা প্রমাণ করেছেন। সত্য ঘটনার ছায়া অবলম্বনে এবার তিনি নিয়ে আসছেন ‘আমলনামা’। চরকি অরিজিনাল ফিল্মটি মুক্তি পাবে শিগগিরই। তার আগে প্রকাশ পেয়েছে সিনেমাটির ফোরটেস্ট ও থিমেটিক পোস্টার।
২৮ ফেব্রুয়ারি বিকালে চরকির ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশ পায় আমলনামার ফোরটেস্ট বা পূর্বাভাস ভিডিও। যার ক্যাপশনে লেখা, ‘অবিচার যখন হয়ে উঠেছিল বিচারের মাপকাঠি।’ এ শহর, শহরের কিছু মানুষ ও তাদের অভিব্যক্তি দিয়ে সাজানো হয়েছে সিনেমাটির ফোরটেস্ট। ভিডিওর প্রথমদিকের কিছু দৃশ্য আর সংলাপে ধারণা করা যায়, কয়েকজন মাদকবিরোধী অভিযানের কথা বলে একজনকে তার বাসা থেকে ধরে নিয়ে যাচ্ছে। এরপর নানা রকম অভিব্যক্তিতে ধরা দেন সিনেমাটির অভিনয়শিল্পীরা। সেখানে গল্প বা চরিত্রের কোনো ধারণা পাওয়া যায়নি।
এর আগে ২৬ ফেব্রুয়ারি প্রকাশ পায় সিনেমার থিমেটিক পোস্টার। ভাঙা ফ্রেমের ভেতর স্পষ্টই বোঝা গেছে, দুই কন্যাসন্তানকে নিয়ে বাবা-মায়ের ছবিটি। তবে বাবার মুখ ছবিতে নেই। বুলেটের আঘাতে সে মুখের জায়গাটি ছিদ্র হয়ে গেছে, ভেঙে গেছে ওপরের কাচ। প্রতীকীভাবে সে ভাঙা অংশ দিয়ে বেয়ে পড়ছে রক্ত। ভাঙা কাচের ওপর প্রতিফলিত হয়েছে জাহিদ হাসানের ছবি। তিনি ছবিটির দিকে তাকিয়ে আছেন। থিমেটিক পোস্টারের ক্যাপশনে লেখা, ‘যে অবিচার আমরা চোখ বুজে সহ্য করে এসেছি!’
এমন সব বাক্য, ছবি আর ভিডিও স্বাভাবিকভাবেই নানা প্রশ্নের তৈরি করেছে দর্শকের মনে। কোন সত্য ঘটনার অনুপ্রেরণা নিয়েছেন নির্মাতা, তা এখনই বলতে চান না রায়হান রাফী। শুধু জানালেন, দর্শকই সেটা আবিষ্কার করুক। তিনি বলেন, ‘আমি বরাবরই নতুন কিছু করার চেষ্টা করি। এবারের নতুনত্বটা গল্পে, এ রকম গল্পে কাজ হয়নি বললেই চলে। কাহিনী শেষ না হওয়া পর্যন্ত দর্শক একটা থ্রিলের মধ্যে থাকবেন এবং ছবিটি দেখতে বসে আপনি বারবার কান্না করবেন।’
গল্পের পাশাপাশি অভিনয়শিল্পী নির্বাচনেও চমক রেখেছেন নির্মাতা। ‘আমলনামা’ সিনেমার মাধ্যমে অনেক দিন পর ওটিটিতে দেখা যাবে জনপ্রিয় অভিনেতা জাহিদ হাসানকে। শুধু তাই নয়, কবি, গীতিকার, নির্মাতা কামরুজ্জামান কামু আছেন এই সিনেমায়। গাজী রাকায়েতকে এখানে পাওয়া যাবে নতুন অবতারে। অভিনেত্রী তমা মির্জা ও সারিকা সাবরিন আলো ছড়াবেন সিনেমায়। ওয়েব ফিল্মটি নিয়ে জাহিদ হাসান বলেন, ‘সত্য ঘটনার ছায়া অবলম্বনে নির্মাণ হয়েছে আমলনামা। আমরা আমাদের চরিত্রের মাধ্যমে যে ঘটনা তুলে ধরার চেষ্টা করেছি, সেগুলো যেন আর না ঘটে, সেজন্যই কাজটি করা। ওয়েব ফিল্মটির নামটাও গল্পের সঙ্গে প্রাসঙ্গিক। মানুষ যেন জীবনে চলার পথে সাবধান থাকে, কী করব আর কী করব না, সেটা যেন চিন্তা করে।’
এদিকে থিমেটিক পোস্টার ও ফোরটেস্ট প্রকাশের পর দর্শক জানতে চাইছেন, কবে আসবে আমলনামা? দর্শককে অল্প কিছুদিনের অপেক্ষা করতে বলেছেন চরকির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) রেদওয়ান রনি। তিনি বলেন, ‘পোস্টার ও ফোরটেস্টের ক্যাপশনে বিচারঅবিচারের কথা বলা হয়েছে, গল্পের সঙ্গে এ শব্দগুলো খুবই প্রাসঙ্গিক। আমলনামায় এমন এক ঘটনা নিয়ে আসা হয়েছে, যা সিনেমার গল্পে নতুন।’










