চরকি অরিজিনাল সিরিজ ‘২ষ’। ভয় আর রহস্য মিশ্রিত কথার সঙ্গে নানা দৃশ্য আর শেষে হারমোনিয়ামের সুর গা ছমছম করে তোলে। এমনসব অনুভূতি নিয়ে নির্মিত চরকি অরিজিনাল সিরিজ ২ষ। রাত ১২টায় এসেছে সিরিজের প্রথম পর্ব ‘ওয়াক্ত’।
নুহাশ হুমায়ূন পরিচালিত জনপ্রিয় সিরিজ ‘পেট কাটা ষ’র দ্বিতীয় সিজন ২ষ। চার সপ্তাহে মুক্তি পাবে চারটি নতুন গল্প। যার প্রথমটি ওয়াক্ত রাত ১২টা থেকে দেখা যাবে চরকিতে। পাঁচজনের পাপের পাঁচ রকম অলৌকিক পরিণতি নিয়ে এর প্রথম পর্বটি।
নির্মাতা নুহাশ হুমায়ূন বলেন, ‘খারাপ কাজের পর অনেকের মধ্যে অনুশোচনা হয়, অনেকের হয় না। ওয়াক্ত গল্পে এ রকম একটা মনস্তত্ত্ব নিয়ে কাজ করেছি। গল্পটা লেখা ও এর নির্মাণ আমার কাছে চ্যালেঞ্জিং ছিল। এখানে পাঁচটি প্রধান চরিত্র নিয়ে কাজ করতে হয়েছে। একজনকে নিয়ে কাজ করাই কঠিন, সেখানে পাঁচজনকে নিয়ে করাটা আরো কঠিন। তার পরও সবার সহযোগিতায় কাজটি ভালো হয়ে উঠেছে বলে আমার মনে হয়।’
ওয়াক্ত পর্বে পাঁচ বন্ধুর চরিত্রে অভিনয় করেছেন অ্যালেন শুভ্র, রিজভী রিজু, রেফাত হাসান সৈকত, আবদুল্লাহ আল সেন্টু, রাফায়াতুল্লাহ সোহান।
সিরিজের অন্য পর্বগুলো হলো ‘ভাগ্য ভালো’, ‘অন্তরা’ ও ‘বেসুরা’। নুহাশ জানান, ভাগ্য ভালো গল্পটি ভাইরাল হওয়া এক জ্যোতিষীকে নিয়ে। অতিপ্রাকৃত বিবাহিত জীবন নিয়ে গড়ে উঠেছে অন্তরার গল্প।
১২ ডিসেম্বর বিকালে প্রকাশ পায় সিরিজটির ট্রেইলার। যেখানে পাপ, জিন, ভূত, পরি, শয়তান শব্দগুলো শুনতে পাওয়া যায়। তবে যে সংলাপটি সবচেয়ে বেশি রহস্যের জন্ম দিয়েছে, সেটি হলো–‘ইবলিশ আর মানুষের মধ্যে পার্থক্য কী জানো? একটা তালব্য শ, আরেকটা পেট কাটা ষ।’
‘ষ’র দ্বিতীয় সিজন নিয়ে নুহাশ হুমায়ূন বলেন, ‘অনেকেই মনে করেন হরর মানেই অন্ধকার থেকে একটা ভূত লাফ দিয়ে আসবে। ২ষ হরর জনরার হলেও এটি মূলত সাইকোলজিক্যাল হরর নিয়ে কাজ করেছে।’
‘২ষ’র ভাগ্য ভালোয় আছেন মোশাররফ করিম, জেবুন্নেছা সোবহান (টুনটুনি), আদনান আদীব খান, সামিয়া অথৈ। কাজী নওশাবা আহমেদ, আফজাল হোসেন, শিল্পী সরকার অপু আছেন অন্তরা পর্বে। আর বেসুরায় অভিনয় করেছেন আরফান মৃধা শিবলু, ইসলাম উদ্দিন পালাকারসহ অনেকে।










