দীর্ঘ সময় সেন্সর বোর্ডে আটকে থাকার পর অবশেষে প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে অন্যদিন। কামার আহমাদ সাইমন পরিচালিত ও সারা আফরীন প্রযোজিত সিনেমা অন্যদিন প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ১১ জুলাই।

‘ভেসে বেড়ানো একটা দেশের গল্প, একটা দশকের গল্প’ এমন শিরোনাম নিয়ে প্রেক্ষাগৃহে হাজির হচ্ছে সিনেমাটি। এতদিন দেশের প্রেক্ষাগৃহে মুক্তি আটকে থাকলেও সিনেমাটি দীর্ঘ সময়ে জয় করেছে আন্তর্জাতিক বেশ কয়েকটি পুরস্কার।

 ২০১৭ সালে কান চলচ্চিত্র উৎসবের অফিশিয়াল সিলেকশন সিনফন্দেশিওনের সিনেমা ছিল অন্যদিন। এ সিনেমার জন্যই ২০১৬ সালে বাংলাদেশের প্রথম নির্মাতা হিসেবে সাইমন লোকার্নোর পিয়াতজা গ্রান্দায় ‘ফিচারড ডিরেক্টর’-এর সম্মাননা পান। এছাড়া সিনেমাটি পেয়েছিল জাতীয় চলচ্চিত্র পুরস্কার। এরই মধ্যে চলচ্চিত্রবোদ্ধা ও দর্শকের আগ্রহের কেন্দ্রবিন্দুতে রয়েছে সিনেমাটি।

প্রযোজক সারা আফরীন জানান, সিনেমাটি কান, লোকার্নো, ক্যামডেনসহ আন্তর্জাতিক অঙ্গনে বহু পুরস্কার ও স্বীকৃতি পেলেও দেশে এতদিন নিষিদ্ধ ছিল। বিশ্বের নানা মর্যাদাপূর্ণ উৎসবে প্রদর্শিত হলেও দেশের রাজনৈতিক ভাষ্য পছন্দ না হওয়ায় তৎকালীন সেন্সর বোর্ড অন্যদিন আটকে রেখেছিল।

গত ২৪ জুন সন্ধ্যায় রাজধানীর সীমান্ত সম্ভারের স্টার সিনেপ্লেক্সে সিনিমাটির একটি বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হয়। উক্ত প্রদর্শনীতে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের উপদেষ্টামণ্ডলীর সদস্য ফরিদা আখতার, অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার, মানবাধিকারকর্মী হামিদা হোসেন ও শিরীন হক, কবি ফরহাদ মজহার, আলোকচিত্রী শহিদুল আলম, নাট্যজন জামিল আহমেদ, ব্যারিস্টার সারা হোসেন, বাংলা একাডেমির পরিচালক মোহাম্মদ আজম, অধ্যাপক ড. গীতি আরা নাসরীন, প্রযোজক রেদোয়ান রনি, অভিনেত্রী আজমেরী হক বাঁধন, অধ্যাপক সাঈদ ফেরদৌস, মানস চৌধুরী ও সৈয়দ নিজার হোসেইন, স্থপতি শামসুল খোরশেদ আলম, প্রিতু শরমিন, অ্যাক্টিভিস্ট মীর হুযাইফা আল-মামদূহ, মেঘমল্লার বসুসহ রাজনৈতিক ও সাংস্কৃতি অঙ্গনের ব্যক্তিবর্গ এবং গণমাধ্যমের প্রতিনিধিরা। প্রদর্শনীর পর সবাই সিনেমাটির ভূয়সী প্রশংসা করেন এবং এতদিন সিনেমাটির আটকে থাকার প্রশ্নটি যেন ঘুরেফিরে বারবার আসতে থাকে।

অন্যদিন মুক্তির ব্যাপারে পরিচালক কামার বলেন, ‘একটা সিনেমা গায়েব করা মানে একজন নির্মাতাকে গুম করে দেয়া। ২৪ জুলাইয়ের আগে অন্যদিন… দেখানোয় নিষেধাজ্ঞা ছিল। তাই ঠিক করেছিলাম, এরপর আর কোনো সিনেমা বানাব না। কিন্তু জুলাই এসে সব ওলট-পালট করে দিল। কাক ও কবিরা কিন্তু ভূমিকম্প আগে টের পায়। যেকোনো শিল্প মাধ্যমের ক্ষেত্রেই কথাটা খাটে, যদি না শিল্পীরা তাদের আত্মসত্তা বিক্রি করে দেন। বিগত রেজিমের জন্য সিনেমাটা প্রফেটিক হয়ে যাওয়ায় তারা আটকে দিয়েছিল, অথচ এখন আবার জুলাই এল বলেই এটি দেখানো যাচ্ছে। সেজন্য আমরা ঠিক করেছি, জুলাইকে উৎসর্গ করে এ জুলাইয়েই মুক্তি দেব অন্যদিন।’