প্রতি রবি থেকে বৃহস্পতিবার রাত ৮টা ৩০ মিনিটে মাছরাঙা টেলিভিশনে প্রচার হচ্ছে ধারাবাহিক নাটকটি। বৃন্দাবন দাশের রচনায় এটি পরিচালনা করেছেন সকাল আহমেদ। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, মৌসুমী হামিদ, প্রাণ রায়, জয়রাজ, ফারজানা ছবি, শাহনাজ খুশি, দিব্য জ্যোতি, সৌম্য জ্যোতি, লাবণ্য লিজা, তাবাসসুম মিথিলা, জাবেদ গাজী, মাসুম বাশার, শিরিন আলম প্রমুখ।
গল্পে দেখা যাবে উত্তরবঙ্গের একটি বর্ধিষ্ণু গ্রামের গল্প। গ্রামে বিশ্বাস ও সরদার পদবির দুই পরিবারের পাশাপাশি বাস। প্রভাবশালী পরিবার দুটি নিকট প্রতিবেশী হলেও তাদের মধ্যে নেই প্রতিবেশীসুলভ কোনো আচরণ। বরং বছরের পর বছর দুই পরিবারের মধ্যে চলে আসছে চরম বৈরিতা। যেন তারা পরস্পরের পরম শত্রু। এক পরিবারের যেকোনো ক্ষতির কারণ অন্য পরিবারের জন্য আনন্দের অনুষঙ্গ। শুধু তাই নয়, উভয় পরিবারের সদস্যদের সবসময় চেষ্টা থাকে যে-কোন দুর্বলতা কাজে লাগিয়ে প্রতিপক্ষকে ঘায়েল করা যায়। দুই পরিবারের দ্বন্দ্বটা এমন একটা অসুস্থ পর্যায়ে পৌঁছে গেছে, নিজের নাক কেটে অন্যের যাত্রাভঙ্গ করতেও তারা পিছু পা হয় না। তাদের প্রতিযোগিতা ও পরস্পরকে ঘায়েল করার কৌশলে নানা ধরনের ঘটনার অবতারণা হয়, যা গ্রামের মানুষ উপভোগ করে। তবে কখনো কখনো তা বিব্রতকর পরিস্থিতিও সৃষ্টি করে। এ দুই পরিবারের দ্বন্দ্বকে পুঁজি করে কিছু মানুষ সুবিধাও নেয়, তাদের দ্বন্দ্ব জিইয়ে রাখতে দেয় নানা ইন্ধন। দুই পরিবারের প্রতিযোগিতা নানা রকম কৌতুকপূর্ণ ঘটনার জন্ম দেয়। আবার কখনো বেদনাদায়ক ঘটনাও ঘটে। এসব চালচিত্রই ফুটিয়ে তোলার চেষ্টা করা হয় নাটকটিতে।










