বলিউড তারকা হৃতিক রোশন এবার নতুন এক পরিচয়ে আত্মপ্রকাশ করতে যাচ্ছেন। জনপ্রিয় এ অভিনেতা প্রথমবারের মতো প্রযোজক হিসেবে কাজ শুরু করছেন তার নিজস্ব প্রযোজনা সংস্থা এইচআরএক্স ফিল্মসের মাধ্যমে। ভারতীয় গণমাধ্যমের খবরে জানা যায়, অ্যামাজন প্রাইম ভিডিওর জন্য তিনি একটি রোমাঞ্চকর ওয়েব সিরিজ প্রযোজনা করবেন।
এর আগে হৃতিক ২০১৯ সালে মুক্তিপ্রাপ্ত ‘সুপার ৩০’ সিনেমার প্রযোজনায় পরোক্ষভাবে যুক্ত ছিলেন। তবে এটিই হতে যাচ্ছে তার প্রথম সরাসরি প্রযোজনার অভিজ্ঞতা। প্রায় তিন বছর ধরে তিনি এ ওয়েব সিরিজের পরিকল্পনা করছেন। এর প্রযোজনা ও বাস্তবায়নের প্রতিটি ধাপে নিজেই যুক্ত থাকবেন বলে জানা গেছে।
যদিও কাহিনী ও অভিনয়শিল্পীদের বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি, তবে ধারণা করা হচ্ছে এটি হবে একটি সামাজিক থ্রিলারধর্মী সিরিজ। এতে থাকবে টানটান উত্তেজনা, জটিল চরিত্র ও নানা চমক। এ বছরের শেষের দিকেই সিরিজটির শুটিং শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে।
হৃতিকের জন্য এ উদ্যোগ কেবল বিনিয়োগ নয়, বরং শুরু থেকে একটি সামাজিক থ্রিলার দাঁড় করানোর উদ্যোগ। এর মাধ্যমে তিনি নিজের ক্যারিয়ারকে নতুন দিকে নিয়ে যেতে এবং স্ট্রিমিং প্লাটফর্মের দর্শকের জন্য আধুনিক গল্প বলার সুযোগ তৈরি করতে চাইছেন।
অন্যদিকে বলিউড হাঙ্গামার খবরে বলা হয়, হৃতিক ২০২৬ সালে বহু প্রতীক্ষিত ‘কৃষ ফোর’ সিনেমার মাধ্যমে পরিচালক হিসেবেও আত্মপ্রকাশ করতে পারেন। একদিকে রহস্যময় ওয়েব সিরিজ প্রযোজনা, অন্যদিকে বড় বাজেটের সুপারহিরো ফ্র্যাঞ্চাইজির পরিচালনা—এ দুই মিলিয়ে বোঝা যাচ্ছে হৃতিক রোশন কেবল অভিনেতা নন, বলিউডে বহুমাত্রিক ভূমিকায় নিজেকে প্রতিষ্ঠিত করতে চাইছেন।
সূত্র: বলিউড হাঙ্গমা










