ভারতের উত্তর প্রদেশ রাজ্যের ইতিহাসে এই প্রথম কাওয়ালিকে হিন্দুবিরোধী সংগীত হিসেবে আখ্যায়িত করার অভিযোগ উঠেছে। সম্প্রতি প্রদেশটির রাজধানী লক্ষেৗয় আয়োজিত এক সরকারি অনুষ্ঠানে সুফি-কত্থক নৃত্য ঘরানার স্রষ্টা প্রখ্যাত শিল্পী মানজারি চতুর্বেদীকে ‘কাওয়ালি’ পরিবেশন বন্ধ করতে বাধ্য করার ঘটনার পর এমন অভিযোগ উঠল।

জানা গেছে, উত্তর প্রদেশ সরকারের আমন্ত্রণে মানজারি চতুর্বেদী একটি অনুষ্ঠানে পারফর্ম করতে এসেছিলেন। কিন্তু তিনি যখন তার কাওয়ালি পারফর্ম করছিলেন, তখন অনুষ্ঠানের আয়োজকরা তাকে মাঝপথে থামিয়ে দেন।

এমন ঘটনায় বিস্ময় প্রকাশ করে মানজারি চতুর্বেদী বলেছেন, তিনি তার পুরো ক্যারিয়ারে প্রথমবারের মতো কোনো অনুষ্ঠানের মাঝপথে কাওয়ালি পরিবেশন থামিয়ে দেয়ার অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন। ‘প্রথমে ভেবেছিলাম যান্ত্রিক ত্রুটির কারণে এমনটি ঘটেছে কিন্তু এর পরই পরবর্তী পারফরম্যান্সের ঘোষণা দেয়া হয়। এটা পরিষ্কার যে, এতে কোনো ভুল ছিল না। যখন আমি খোঁজ নিলাম, তখন আমাকে বলা হলো, এখানে কাওয়ালি চলবে না’—ঘটনার বিবরণ তুলে ধরে নিউজ১৮-কে দেয়া সাক্ষাত্কারে বলেন মানজারি চতুর্বেদী। 

‘আমি সারা পৃথিবীতে পারফর্ম করেছি। আমি মর্মাহত যে আমার নিজের শহর লক্ষেৗতেই আমার সঙ্গে এমন ঘটনা ঘটল’—ক্ষোভ প্রকাশ করে বলেন চতুর্বেদী।

চতুর্বেদীর এমন অভিযোগকে যথারীতি অস্বীকার করেছে রাজ্য সরকার। তারা এ পরিস্থিতিকে ‘নিছক’ সাধারণ ঘটনা অভিহিত করে বলেছে, অনুষ্ঠানের সংগঠক ও চতুর্বেদীর মধ্যকার ‘কিছু বিষয়ের’ কারণে এমনটি ঘটেছে বলে তারা মনে করেন।

নিউজ১৮-কে সরকারের একজন মুখপাত্র এ প্রসঙ্গে বলেছেন, ‘চতুর্বেদী তার দুটো পারফরম্যান্স শেষ করে তৃতীয়টির প্রস্তুতি নিচ্ছিলেন। তখন এটি শুরু হতে দেরি হচ্ছিল। কিন্তু এর পরই আরেকটি পারফরম্যান্স শুরু হওয়ার কথা ছিল। আবার এ অনুষ্ঠান শেষ হওয়ার আগে মুখ্যমন্ত্রীর আসার কথা থাকায় আমরা তা নিয়ে উদ্বিগ্ন ছিলাম। আমরা চেয়েছিলাম সব পারফরম্যান্সই হাজির করতে। এ রকম পরিস্থিতিতে যোগাযোগের ক্ষেত্রে হয়তো উভয়ের পক্ষ থেকে কিছু বিষয় ঘটেছে। এ কারণে নৃত্যশিল্পীর (মানজারি চতুর্বেদী) পরিবেশন থামিয়ে দেয়া হয় এবং পরবর্তী পারফরম্যান্সটিকে জায়গা করে দেয়া হয়।’ একই সঙ্গে রাজ্য সরকারের পক্ষ থেকে সাফ জানিয়ে দেয়া হয়, চতুর্বেদীর পরিবেশনে বিঘ্ন ঘটেছে সাংগঠনিক বাধ্যবাধকতার কারণে। এর সঙ্গে ধর্মীয় অথবা ভাষাগত কোনো সম্পর্ক নেই।  

 

সূত্র: ন্যাশনাল হেরাল্ড ইন্ডিয়া