নভেল করোনাভাইরাসের কারণে অনেক দিন ধরেই ভারতে লকডাউন চলছে। এ লকডাউন দৈনিক কাজের ভিত্তিতে উপার্জনকারী মানুষের ওপর বিরূপ প্রভাব ফেলছে। সম্প্রতি চলচ্চিত্র নির্মাতা করণ জোহর বিষয়টি নিয়ে সামাজিক মাধ্যমে একটি বিস্তারিত বিবরণ লিখেছেন। এতে তিনি ও তার প্রযোজনা সংস্থা ধর্মা প্রডাকশন কীভাবে অভাবগ্রস্তদের সহায়তা করছেন তার বিবরণও যুক্ত করেছেন।

তার লেখা থেকে বোঝা যায় যে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল, এনজিও গুঞ্জ, ফান্ডরাইজারস, ফিডিং ইন্ডিয়া, দি আর্ট অব লিভিং ও আইএএইচভিসহ প্রযোজকদের গিল্ড অব ইন্ডিয়ায় ধর্ম প্রডাকশন বিভিন্ন অবদান রাখছে।

করণ তার আবেগঘন সেই নোটে লিখেছেন, ‘কয়েক মাস ধরে ‘‘বাড়িতে থাকুন ও নিরাপদে থাকুন’’ এ সিদ্ধান্তে ভারত ঐক্যবদ্ধ হয়ে দাঁড়িয়েছে। যতক্ষণ না আমরা এ মহামারী কাটিয়ে উঠতে পারছি। তবে এ ভয়ংকর লড়াইয়ে জয়ী হওয়ার জন্য আরো অনেক কিছু করার আছে। লকডাউনের সময় বাড়ার সঙ্গে সঙ্গে এটি সবার জন্য কঠিন হয়ে উঠছে। বিশেষ করে সেসব শ্রমিক ও প্রযুক্তিবিদ, যারা তাদের জীবিকার জন্য দৈনিক মজুরির ওপর নির্ভর করেন। তারা এমন এক পরিস্থিতির মধ্যে রয়েছেন যেখানে পরের দিনের খাবার কোথা থেকে আসবে তা নিয়ে তারা অনিশ্চিত। এটা খুবই ভীতিকর অবস্থা হতে পারে...খুবই ভীতিজনক।’

‘তারা তাদের নিজস্ব কোনো ভুলের জন্য এ পরিস্থিতিতে পড়েননি। আমরা বিশ্বাস করি, তাদের যথাসাধ্য সহায়তা করা আমাদের নৈতিক দায়িত্ব। এ কারণেই ধর্ম প্রযোজনা সংস্থা পরিবার লকডাউনের কারণে ক্ষতিগ্রস্ত এসব মানুষকে সহায়তা করতে একত্রিত হয়েছে। এখনো অনেক কিছু করা বাকি আছে। আসুন আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে কভিড-১৯-এর বিরুদ্ধে লড়াই করি।’—তিনি যোগ করেন।

নোট লেখার পাশাপাশি করণ জোহর একটি ভিডিও শেয়ার করেছেন। যে ভিডিওতে ক্ষতিগ্রস্ত মানুষের চিত্র তুলে ধরা হয়েছে। এর সঙ্গে সঙ্গে ব্যাকগ্রাউন্ডে করণ জোহরের কণ্ঠে তার নোটের লেখাগুলো শুনতে পাওয়া যাবে।

তিনি তার পোস্টে আরো লিখেছেন, ‘আমরা সবাই একসঙ্গে আছি...এবং আমাদের সবাইকে একসঙ্গে এ লড়াই করা দরকার। আসুন আমরা সবাই যেভাবে পারি সাহায্য করি। যেকোনো উপায়ে এ পরিস্থিতি কাটিয়ে উঠতে সহায়তার হাত বাড়াই।’

 

সূত্র: হিন্দুস্তান টাইমস