জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নির্মাতা জাহিদুর রহিম অঞ্জন। প্রথম সিনেমায়ই পেয়েছেন এ স্বীকৃতি। কথাসাহিত্যিক আখতারুজ্জামান ইলিয়াসের ‘রেইনকোট’ গল্প অবলম্বনে পূর্ণদৈর্ঘ্য সিনেমা ‘মেঘমল্লার’ নির্মাণের জন্য পান এ পুরস্কার। ২০১৪ সালের ডিসেম্বরে মুক্তি পায় সিনেমাটি। এটি ছিল তার প্রথম ফিচার ফিল্ম। প্রথম সিনেমার জন্যই তিনি ‘শ্রেষ্ঠ পরিচালক’ ও ‘শ্রেষ্ঠ সংলাপ রচয়িতা’ হিসেবে পুরস্কার অর্জন করেন। গুণী এ নির্মাতা আমাদের মাঝে আর নেই। তিনি গত সোমবার রাত সাড়ে ৮টায় ভারতের বেঙ্গালুরুতে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬০ বছর। তিনি স্ত্রী, দুই ভাই, এক বোন ও অসংখ্য বন্ধু-স্বজন রেখে গেছেন। সাহিত্যিক শাহীন আখতার তার স্ত্রী। জাহিদুর রহিম অঞ্জন ভাষাসৈনিক মিজানুর রহিমের সন্তান। অঞ্জন চার মাস আগে লিভার ট্রান্সপ্লান্টের জন্য ভারত যান। জানুয়ারি থেকে তিনি বেঙ্গালুরুতে ছিলেন। ১৯ ফেব্রুয়ারি অপারেশন হয়। মূলত অপারেশন-পরবর্তী জটিলতায় তিনি মারা যান।
কয়েক বছর ধরে লিভারের জটিলতায় ভুগছিলেন জাহিদুর রহিম অঞ্জন। বেঙ্গালুরুর স্পর্শ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। গত সপ্তাহেই তার লিভার ট্রান্সপ্লান্টের সিদ্ধান্ত নেন চিকিৎসকরা। অস্ত্রোপচারের পর শারীরিক অবস্থার অবনতি হয়। ছিলেন লাইফ সাপোর্টে। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় মারা যান এ গুণী নির্মাতা। সরকারি অনুদানে সর্বশেষ তিনি নির্মাণ করেন ‘চাঁদের অমাবস্যা’। শুটিং সম্পন্ন করে গত বছরই সিনেমাটি মুক্তির পরিকল্পনা থাকলেও দেশের সার্বিক অবস্থা ও নিজের অসুস্থতার কারণে তা আর হয়নি। তবে শিগগিরই এ সিনেমা দর্শকের সামনে নিয়ে আসতে আগ্রহী ছিলেন এ নির্মাতা। প্রকাশও করেছিলেন এর পোস্টার!
অঞ্জন ভারতের পুনে ফিল্ম ইনস্টিটিউটে চলচ্চিত্র বিষয়ে ডিগ্রি নিয়েছেন। তিনি স্টামফোর্ড ইউনিভার্সিটিতে শিক্ষকতা করতেন। বাংলাদেশের চলচ্চিত্র আন্দোলনকর্মী, শর্টফিল্ম ফোরামের সাবেক সভাপতি ও চলচ্চিত্র শিক্ষকের মৃত্যুর খবর প্রকাশ হওয়ার পর থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে শোক ও স্মৃতিচারণ করছেন চলচ্চিত্রের সহকর্মী থেকে শুরু করে অগণিত মানুষ। শোক জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে স্ট্যাটাস দিয়েছেন নির্মাতা অমিতাভ রেজা, গিয়াস উদ্দিন সেলিম, আকরাম খানসহ অনেকে।










