একসময় নতুন শিল্পীদের আবির্ভাবের অন্যতম মঞ্চ ছিল ‘নতুন কুঁড়ি’। দেশের শিশু ও কিশোরদের মেধা ও সৃজনশীলতা বিকাশে এই রিয়েলিটি শো দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। ১৯৭৬ সালে বিটিভিতে মোস্তফা মনোয়ারের প্রযোজনায় শুরু হওয়া অনুষ্ঠানটি শেষবার আয়োজন করা হয়েছিল ২০০৫ সালে। প্রায় দুই দশক পর আবারো টেলিভিশনের পর্দায় ফিরে আসছে নতুন কুঁড়ি। বিটিভি গত মঙ্গলবার এক ঘোষণা দিয়ে জানিয়েছে, তারা নতুনভাবে এ জনপ্রিয় রিয়েলিটি শোটি ফিরিয়ে আনছে। বিটিভির সোশ্যাল মিডিয়া পেজে প্রকাশ করা হয়েছে নতুন লোগো ও টিজার, যা নতুন যুগের নতুন কুঁড়ির আগমনের আভাস দিচ্ছে। জানা গেছে, আগামীকাল থেকে অনলাইনে নতুন কুঁড়ির জন্য রেজিস্ট্রেশন শুরু হবে। পুরো দেশকে ২০টি অঞ্চলে ভাগ করে অনুষ্ঠিত হবে বাছাই, যেখানে প্রতিটি অঞ্চলের সেরা প্রতিযোগীরা মূল প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে। প্রতিযোগিতার ধরন থাকবে একক অভিনয়, দলীয় অভিনয়, লোকনৃত্য, উচ্চাঙ্গ নৃত্য, দেশাত্মবোধক গান, নজরুলসংগীত, রবীন্দ্রসংগীত, লোকগীতি, ছড়া আবৃত্তি, চিত্রাঙ্কন, গল্প বলা ইত্যাদি। ‘ক’ শাখায় অংশগ্রহণের বয়সসীমা ৬ থেকে ১০ বছর এবং ‘খ’ শাখায় ১১ থেকে ১৫ বছর। নতুন কুঁড়ির হাত ধরে দেশের মিডিয়ায় প্রতিষ্ঠা পেয়েছেন বহু শিল্পী। শুধু শিশু-কিশোরদের অনুপ্রাণিতই করেনি এ অনুষ্ঠান, বরং দেশের সাংস্কৃতিক অঙ্গনে বহু তারকার জন্ম দিয়েছে।