‘ঐশী লাইভ ইন কুয়ালালামপুর’ শিরোনামের এ মিউজিক্যাল আয়োজন কুয়ালালামপুরের এইচজিএইচএস কনভেনশন সেন্টারে আগামী ২৮ জুন অনুষ্ঠিত হবে।
সম্প্রতি কুয়ালালামপুরের জি টাওয়ারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে কনসার্টের বিস্তারিত তুলে ধরা হয়। এতে নিশ্চিত করা হয়, এ আয়োজনে ঐশীর সঙ্গে তার ব্যান্ড ‘ঐশী এক্সপ্রেস’-এর সদস্যরাও অংশ নেবেন। আট সদস্যের এ দলে রয়েছেন পাঁচজন মিউজিশিয়ান, একজন সাউন্ড ইঞ্জিনিয়ার এবং একজন ম্যানেজার।
এ বিষয়ে ঐশী জানান, প্রথমবারের মতো কুয়ালালামপুরে পারফর্ম করতে যাচ্ছেন তিনি। প্রবাসী বাংলাদেশী দর্শকের সামনে গান পরিবেশনের অভিজ্ঞতা ভিন্ন মাত্রা যোগ করে বলেও উল্লেখ করেন তিনি। পাশাপাশি এ আয়োজনের মাধ্যমে দুই দেশের সংস্কৃতি ও সংগীতের মধ্যে সংযোগ আরো জোরদার হবে বলে আশা প্রকাশ করেন।
ঐশী বলেন, ‘আশা করছি, সেখানে অবস্থানরত প্রবাসী বাংলাদেশীদের গানে গানে মুগ্ধ করতে পারব। দেশের বাইরে গেলে গানে গানে অনুভব করতে পারি বিদেশে অবস্থানরত প্রবাসী বাংলাদেশীরা দেশ ও দেশের মাটিকে কতটা ভালোবাসেন, কতটা মিস করেন। সবাইকে নিমন্ত্রণ জানালাম আমার ঐশী লাইভ ইন কুয়ালালামপুর উপভোগ করার জন্য।’
কনসার্টটিকে ঘিরে এরই মধ্যে প্রস্তুতি শুরু হয়েছে। প্রবাসী বাংলাদেশীদের অংশগ্রহণ বাড়াতে টিকিটে বিশেষ ছাড়ের ঘোষণা দেয়া হয়েছে। ২৪ এপ্রিল থেকে ৮ মে পর্যন্ত নির্দিষ্ট সময়ের মধ্যে টিকিট কিনলে ৪০ শতাংশ ছাড় পাওয়া যাবে। টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে ৫৪ থেকে ৫৮৮ রিঙ্গিত পর্যন্ত। এছাড়া ভিআইপি টিকিটধারীদের জন্য রাখা হয়েছে মিট অ্যান্ড গ্রিট, এক্সক্লুসিভ পোস্টার ও রিফ্রেশমেন্ট সুবিধা।
উল্লেখ্য, ‘মায়া: দ্য লস্ট মাদার’ চলচ্চিত্রের ‘মায়া, মায়া রে’ গানের জন্য ২০২০ সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান ঐশী। এর আগে কাতার, সৌদি আরব, ওমান, ভারত, অস্ট্রেলিয়া, যুক্তরাজ্যসহ বিভিন্ন দেশে স্টেজ শোয় পারফর্ম করেছেন তিনি।










