কিছুদিন আগে বন্যা পরিস্থিতির মাঝে ‘প্রবাসীর স্ত্রী’ নামে একটি নাটক ইউটিউবে প্রকাশ হয়। অস্থির সময়েও সাফল্য পায় নাটকটি। এরই ধারাবাহিকতায় নাটকের দ্বিতীয় কিস্তি ‘প্রবাসীর স্ত্রী ২’ নির্মাণের সিদ্ধান্ত নেয়া হয়। এরই মধ্যে মঙ্গলবার জিয়াউদ্দিন আলম পরিচালিত এ নাটকের শুটিং শেষ হয়েছে। দ্বিতীয় কিস্তিতেও জুটি বেঁধে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেত্রী অহনা রহমান ও রুশো শেখ।
গল্পে দেখা যাবে, প্রবাসীর স্ত্রী নিরুর জীবনের নিদারুণ কষ্টের গল্প। যেখানে প্রবাসী স্বামী পেটের সন্তানকে অস্বীকার করে। রাগের মাথায় মিথ্যা অপবাদ দিয়ে তাকে তিন তালাকও দেয়। শ্বশুরবাড়ির মানুষের নির্যাতনে মাত্রা বেড়েই চলে নিরুর ওপর। একের পর এক ঘটনা ঘটতে থাকে। এগিয়ে চলে নাটকের কাহিনী। পুবাইলের মেঘলা রিসোর্টে টানা দুদিন নাটকের শুটিং হয়েছে। একজন প্রবাসীর স্ত্রীর জীবনে ঘটে যাওয়া নানা কষ্টের গল্প তুলে ধরার চেষ্টা করেছেন শিল্পীরা।
নাটকের দ্বিতীয় কিস্তি নিয়ে আশাবাদী পুরো টিম। নাটকটি নিয়ে অহনা বলেন, ‘প্রবাসীর স্ত্রী নাটকে অভিনয় করে দর্শকের কাছে দারুণ সাড়া পেয়েছি। নাটকটির দ্বিতীয় কিস্তিও চাইছিলেন দর্শক। পরিচালক জিয়াউদ্দিন আলম ভাইও কাজটির জন্য বলছিলেন। আমার মনে হয়েছে, দর্শককে আর অপেক্ষায় রাখা ঠিক হবে না। সুন্দর একটি গল্প। আমার বিপরীতে অভিনয় করেছে রুশো শেখ। আশা করছি, দর্শক ভালো একটি কনটেন্ট পাবে।’
রুশো শেখ বলেন, ‘প্রথমেই বলতে চাই আমি অহনার কথা। তিনি অসাধারণ একজন অভিনেত্রী। এবারো শুটিংয়ের সময় তার কাছে অনেক সহযোগিতা পেয়েছি। পরিচালক জিয়া ভাইয়ের পাশাপাশি অহনাও আমাকে কোন পোশাকে ভালো লাগবে, ডায়ালগ কীভাবে দিতে হবে, সবক্ষেত্রে সহযোগিতা করেছেন। আমার অভিনয়ে হিট কাজগুলোর একটি প্রবাসীর স্ত্রী। দ্বিতীয় কিস্তি প্রথম কিস্তিকে ছাড়িয়ে যাবে বলে আমার বিশ্বাস।’
পরিচালক জিয়াউদ্দিন আলম বলেন, ‘অহনা আমার পছন্দের একজন অভিনেত্রী। নারীপ্রধান চরিত্র করেও হিট নাটক উপহার দিয়েছেন তিনি। দর্শক প্রবাসীর স্ত্রীর নাটকে তার অভিনয় দক্ষতা দেখেছেন। অনেকেই কেঁদেছেন নাটকটি দেখে। সব শিল্পী দর্শককে কাঁদাতে পারে না। অহনা-রুশোকে নিয়ে দ্বিতীয় কিস্তি নির্মাণ করলাম। চলতি বছরের শেষে মানে আগামী ডিসেম্বরের কোনো এক সময়ে নাটকটি ইউটিউবে মুক্তি দেয়া হবে। আমরা পুরো টিম অনেক গুছিয়ে কাজ করেছি। দর্শক নিরাশ হবে না, এটুকু পরিচালক হিসেবে আমি কথা দিলাম।’










