অস্ট্রেলিয়ার ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল অব মেলবোর্নে–জায়গা করে নিয়েছে বাংলাদেশের দুটি গল্প—মেহজাবীন চৌধুরী অভিনীত চলচ্চিত্র ‘সাবা’ ও নুহাশ হুমায়ূন নির্মিত হরর সিরিজ ‘২ষ’। ১৪ আগস্ট শুরু হতে যাওয়া এ আন্তর্জাতিক উৎসবের ‘ফ্রম দ্য সাবকন্টিনেন্ট’ বিভাগে নির্বাচিত হয়েছে প্রজেক্ট দুটি।

গত বছর টরন্টো উৎসবে প্রিমিয়ার হওয়া ‘সাবা’ চলচ্চিত্রটি পরিচালনা করেছেন মাকসুদ হোসেন। গল্পে দেখা যাবে, শহরের এক মধ্যবিত্ত পরিবারের মেয়ে সাবা অসুস্থ মায়ের দেখাশোনা করতে গিয়ে নিজের জীবন ও ক্যারিয়ার নিয়ে পড়ে যায় গভীর টানাপড়েনে। বাবা হারানো, মায়ের হঠাৎ হার্ট অ্যাটাক ও আর্থিক সংকটের মাঝেও সাহসী লড়াই চালিয়ে যায় সাবা। এ চরিত্রে অভিনয় করেছেন মেহজাবীন চৌধুরী। তার সঙ্গে আরো আছেন রোকেয়া প্রাচী, মোস্তফা মনওয়ার প্রমুখ। ১৭ আগস্ট উৎসবে প্রদর্শিত হবে সিনেমাটি।

অন্যদিকে ২ষ সিরিজে রয়েছে চারটি হরর, ফ্যান্টাসি ও মিস্ট্রি গল্প—যেগুলো লিখেছেন নুহাশ হুমায়ূন ও তার মা গুলতেকিন খান। সিরিজটির দুটি প্রদর্শনী হবে মেলবোর্নে—প্রথমটি ২০ আগস্ট ও দ্বিতীয়টি ২৪ আগস্ট। এতে অভিনয় করেছেন আফজাল হোসেন, মোশাররফ করিম, সুমাইয়া শিমুসহ অনেকে।

এ আন্তর্জাতিক আয়োজনের তালিকায় বাংলাদেশের পাশাপাশি জায়গা করে নিয়েছে টালিউডের কয়েকটি চলচ্চিত্রও। দেখা যাবে ‘বাক্স বন্দী’, ‘পুরাতন’ ও ‘অহনা’ নামের সিনেমাগুলো।

এছাড়া ঋত্বিক ঘটকের জন্মশতবার্ষিকী উপলক্ষে উৎসব কর্তৃপক্ষ বিশেষভাবে প্রদর্শন করবে তার দুটি রিস্টোর করা চলচ্চিত্র—‘তিতাস একটি নদীর নাম’ ও ‘মেঘে ঢাকা তারা’।