বাংলাদেশের নগর বাউল জেমস ও পাকিস্তানের জনপ্রিয় সংগীতশিল্পী আলী আজমত এবার একই মঞ্চে গান গাইবেন। আগামী ১৪ নভেম্বর রাজধানীর কুর্মিটোলার ইউনাইটেড কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হবে এ বহুল প্রতীক্ষিত কনসার্ট। এটি আয়োজন করছে অ্যাসেন বাজ।
গত সপ্তাহে স্থানীয় প্রশাসনের অনুমতি না পাওয়ায় মেহেরপুরে জেমসের কনসার্ট বাতিল হয়। ঠিক সে সময়ই ভক্তদের জন্য নতুন সুখবর দিলেন আয়োজকরা, ঢাকায়ই জেমসকে আবার দেখা যাবে সরাসরি মঞ্চে।
এ কনসার্টে জেমসের সঙ্গে মঞ্চে থাকবেন পাকিস্তানের ব্যান্ড ‘জুনুন’-এর ভোকাল আলী আজমত। গত শনিবার রাতে আয়োজক প্রতিষ্ঠান আনুষ্ঠানিকভাবে ঘোষণা দিয়েছে, আগামী ১৪ নভেম্বর দুই দেশের এ দুই কিংবদন্তি শিল্পী একসঙ্গে পারফর্ম করবেন।
সুফি ঘরানার ব্যান্ড জুনুন ১৯৯১ সালে তাদের প্রথম অ্যালবাম প্রকাশের পর থেকেই জনপ্রিয়তা অর্জন করে। এরপর ‘তালাশ’, ‘ইনকিলাব’, ‘আজাদি’সহ নয়টি অ্যালবাম প্রকাশ করেছে ব্যান্ডটি। ব্যান্ডের পাশাপাশি আলী আজমত বলিউডেও একাধিক জনপ্রিয় গান উপহার দিয়েছেন।
এ নিয়ে তৃতীয়বারের মতো বাংলাদেশে আসছেন আলী আজমত। তবে এবারই প্রথম এককভাবে পারফর্ম করবেন তিনি। সর্বশেষ ২০১৯ সালে তিনি মাতিয়েছিলেন ঢাকা ইন্টারন্যাশনাল ফোক ফেস্ট।
উল্লেখ্য, গত ২ মে একই ভেন্যুতে ‘আলী আজমত (দ্য ভয়েস অব জুনুন) লাইভ ইন ঢাকা’ শিরোনামে তার একটি কনসার্ট আয়োজনের কথা ছিল। কিন্তু শেষ পর্যন্ত তা অনুষ্ঠিত হয়নি। প্রায় পাঁচ মাস পর এবার সে আয়োজনই বাস্তব রূপ নিচ্ছে। ১৪ নভেম্বরের কনসার্ট শুরু হবে সন্ধ্যা ৬টায়।










