জনপ্রিয় নির্মাতা মোস্তফা কামাল রাজ এবার নিয়ে আসছেন তারকাবহুল ইউটিউব সিনেমা ‘এটা আমাদেরই গল্প’। শহর থেকে গ্রামে বেড়াতে আসা এক তরুণের দাদা বাড়ির গল্প নিয়ে তৈরি তার আগের সিনেমা ‘তোমাদের গল্প’ দর্শকের মন ছুঁয়ে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিল। দীর্ঘদিন পর পরিবারের সুন্দর মুহূর্তগুলো দেখার জন্য অনেকেই আবেগে ভেসে গেছেন।
নতুন সিনেমা এটা আমাদেরই গল্পর কাস্টিংয়ে এবার রাজ তারুণ্যকে প্রাধান্য দিয়েছেন। সিনেমার ট্যাগলাইন ‘পরিবারই শুরু, পরিবারই শেষ’ অনুসারে এতে প্রেমের পাশাপাশি পারিবারিক গল্প ও সম্পর্কের নানা দ্বন্দ্বও ফুটে উঠবে।
নির্মাতা মোস্তফা কামাল রাজ বলেন, ‘এটা আমাদেরই গল্প’ মূলত এক মধ্যবিত্ত পরিবারের টানাপড়েন, স্বপ্ন, সম্পর্ক আর ভালোবাসার গল্প। আমরা চাই দর্শক নিজের জীবনের সাধারণ মুহূর্তগুলোকে এ সিনেমার সঙ্গে মিলিয়ে দেখুক এবং জীবনের ছোট ছোট মুহূর্তগুলোর মূল্য বোঝার সুযোগ পাক। আজ এর শুটিং শুরু হবে এবং আগামী নভেম্বরের প্রথম সপ্তাহে মুক্তি দেয়ার পরিকল্পনা রয়েছে।’
তিনি আরো বলেন, ‘তরুণ শিল্পীরা সবসময় নতুন এনার্জি ও নতুন ভাবনা নিয়ে আসে। তাদের চোখে সমাজ ও সম্পর্কের গল্প অন্যভাবে ফুটে ওঠে। দর্শকও নতুন মুখ দেখতে সবসময় আগ্রহী থাকে, তাই এ সিনেমায় তরুণ অভিনেতাদের নিয়ে কাজ করার সিদ্ধান্ত নিয়েছি। এটা গল্পটিকে আরো প্রাণবন্ত করে তুলেছে।’
রাজের মতে নির্মাণের সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল পারিবারিক আবেগ ও প্রেমের গল্পের ভারসাম্য রাখা। তিনি বলেন, ‘আমি চেষ্টা করেছি দুটো আবেগকে সমান্তরালে এগিয়ে নিয়ে যেতে, যাতে দর্শক একই সঙ্গে হাসতে পারে, কাঁদতেও পারে। দর্শক যেন গল্পের সঙ্গে সহজে সম্পর্ক স্থাপন করতে পারে, সেটাই আমাদের মূল লক্ষ্য।’
সিনেমায় অভিনয় করছেন কেয়া পায়েল, খায়রুল বাশার, ইরফান সাজ্জাদ, সুনেরাহ বিনতে কামাল, মনিরা মিঠু, দীপা খন্দকার, ইন্তেখাব দিনার, নাদের চৌধুরী, শিল্পী সরকার অপু, মাহমুদুল ইসলাম মিঠু, আয়াত ও অতিথি শিল্পীরা।
নির্মাতা আশা করছেন, দর্শক সিনেমা দেখে নিজের জীবনের সম্পর্কগুলো নতুনভাবে মূল্যায়ন করবে। তিনি যোগ করেন, ‘আমাদের জীবনের আসল শক্তি পরিবার এবং ভালোবাসা। সবকিছুর শেষে আমরা সবাই চাই নিরাপদ একটা আশ্রয় আর সেটা পরিবারেই পাওয়া যায়। পাশাপাশি ভালোবাসা আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা। দর্শক যদি এ সিনেমা দেখে নিজের জীবনের সম্পর্কগুলোকে নতুনভাবে উপলব্ধি করতে পারে, তবে আমাদের উদ্দেশ্য সফল হবে।’










