সিনেমা নির্মাণের জন্য প্রতি বছরের মতো এবারো সরকারি অনুদান দেয়া হচ্ছে। ২০২৪-২৫ অর্থবছরের জন্য নির্বাচিত ৩২টি সিনেমাকে দেয়া হচ্ছে এ অনুদান। এর মধ্যে ১২টি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র বিভাগে আর ২০টি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র বিভাগে। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের একটি বিশ্বস্ত সূত্র গণমাধ্যমকে এমনটাই জানিয়েছে। মন্ত্রণালয়ের একটি সূত্র গণমাধ্যমকে জানিয়েছে, এবার রেকর্ডসংখ্যক সিনেমা সরকারি অনুদানের জন্য জমা পড়েছে, অন্যান্যবার এবারের অর্ধেকেরও কমসংখ্যক সিনেমা জমা পড়ত। তাই অনুদান দেয়ার ক্ষেত্রেও সংশ্লিষ্ট ব্যক্তিরা আগের চেয়ে বেশি দিচ্ছেন।
গতকাল সকালে গণমাধ্যমকে মন্ত্রণালয়ের একটি সূত্র জানিয়েছে, সোমবার সরকারি অনুদানের সিনেমাগুলোর ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত হয়েছে। মোট তিনটি ধাপে সিনেমার বাছাই প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। এর মধ্যে চিত্রনাট্য বাছাই কমিটি জমা পড়া সিনেমা থেকে প্রথম ধাপে ৫০ শতাংশের কাজ সম্পন্ন করে। দ্বিতীয় ধাপে অনুদান বাছাই কমিটির যাচাই-বাছাই হয়। তৃতীয় ও চূড়ান্ত ধাপে জমা পড়া সিনেমা থেকে মোট ৩২টি সিনেমা চূড়ান্ত করা হয়েছে। আনুষ্ঠানিক ঘোষণার আগে কোন কোন সিনেমা চূড়ান্ত হয়েছে, সে ব্যাপারে কিছুই বলতে চান না সংশ্লিষ্ট কর্তাব্যক্তিরা।
জানা গেছে, এপ্রিলের শেষে সরকারি অনুদানের চিত্রনাট্য জমা দেয়ার শেষ সময় ছিল। এবার পূর্ণদৈর্ঘ্য শাখায় ১৮৯টি ও স্বল্পদৈর্ঘ্য শাখায় ১৪০টি ছবি জমা পড়েছে। নানা ধাপ পেরিয়ে ৩২টি সিনেমাকে অনুদানের জন্য অনুমোদন করেছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। পূর্ণদৈর্ঘ্য বিভাগে এবার প্রতিটি সিনেমার জন্য বরাদ্দ হয়েছে ৭৫ লাখ টাকা আর স্বল্পদৈর্ঘ্য বিভাগের প্রতিটি সিনেমার জন্য ২০ লাখ।










