বাংলা চলচ্চিত্রের কালজয়ী অভিনেত্রী শবনম। ১৯৬১ সালে মাত্র ১৫ বছর বয়সে মুস্তাফিজ পরিচালিত ‘হারানো দিন’ চলচ্চিত্রে নায়িকা হিসেবে ক্যামেরার সামনে প্রথম আবির্ভূত হন। এর আগে তিনি এহতেশাম পরিচালিত ‘এ দেশ তোমার আমার’ চলচ্চিত্রে নৃত্যশিল্পী হিসেবে বড় পর্দায় আত্মপ্রকাশ করেন। ১৯৬২ সালে উর্দু চলচ্চিত্র চান্দায় অভিনয় করে সমগ্র পাকিস্তানে তারকাখ্যাতি অর্জন করেন। তিনি বাংলাদেশের চলচ্চিত্রে ‘রূপনগরের রাজকন্যা’ নামে খ্যাত। বিখ্যাত এ অভিনেত্রীর জন্মদিন আগামী রোববার (১৭ আগস্ট)। এটি হতে যাচ্ছে তার ৮০তম জন্মদিন। এ উপলক্ষে চ্যানেল আই আয়োজন করছে বিশেষ একটি অনুষ্ঠান। ‘শবনম: রূপনগরের রাজকন্যা’ শিরোনামের অনুষ্ঠানটিতে তিনি তার স্মৃতিময় জীবনের নানা গল্প বলবেন।

9

ষাট থেকে আশি দীর্ঘ তিন দশক ধরে একটানা অভিনয় করে নায়িকা খ্যাতি ধরে রেখেছিলেন তিনি। সর্বশেষ ১৯৯৯ সালে কাজী হায়াৎ পরিচালিত আম্মাজান চলচ্চিত্রে অভিনয় করেন শবনম। সিনেমাটিও বাংলা চলচ্চিত্রের ইতিহাসে একটি মাইলফলক। অভিনয়ের কিংবদন্তি শবনব কখনো টেলিভিশনে কোনো অনুষ্ঠানে আসেননি। এই প্রথম কোনো টেলিভিশনে কথা বলবেন। ৮০তম জন্মদিন উপলক্ষে উপস্থিত হয়ে সাক্ষাৎকারভিত্তিক অনুষ্ঠানে অংশ নিলেন শবনম। সাংবাদিক আবদুর রহমানের উপস্থাপনা ও পরিচালনায় চ্যানেল আই তৈরি করেছে অনুষ্ঠানটি। এটি ১৭ আগস্ট রাত ৮টা ২৫ মিনিটে চ্যানেল আইয়ে প্রচার হবে। এছাড়া আইস্ক্রিনে ও চ্যানেল আই অনলাইনে দেখা যাবে অনুষ্ঠানটি।

অভিনেত্রী শবনম এ দেশ তোমার আমার, হারানো দিন, আমার সংসার, কখনো আসেনি, চোর, জোয়ার ভাটা, জুলি, নবারুণ, নাচঘর, নাচের পুতুল, সন্ধি, রাজধানীর বুকে, সহধর্মিণীসহ বাংলা-উর্দু মিলিয়ে ১৮০টির অধিক চলচ্চিত্রে অভিনয় করেছেন।