তেমনই একটি আয়োজন করেছিল ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস (ইউল্যাব)। শিল্প, পরিবেশ সচেতনতা ও গল্প বলার এক বিশেষ সম্মিলন ছিল তাদের আয়োজন রূপান্তর: দ্য রেজোন্যান্স শো। গত শনিবার শিল্পকলা একাডেমির পরীক্ষণ থিয়েটার হলে আয়োজনটি অনুষ্ঠিত হয়। পূর্বে ‘ট্র্যাশন শো’ নামে পরিচিত এ সৃজনশীল প্লাটফর্মটি এবার নতুন মাত্রায় দর্শকের সামনে হাজির হয়েছিল। সেখানে শিল্প ও চিন্তার মাধ্যমে সমসাময়িক বাস্তবতাকে তুলে ধরা হলো ভিন্ন এক দৃষ্টিকোণ থেকে।
অনুষ্ঠানে শিক্ষার্থীরা পুনর্ব্যবহারযোগ্য উপকরণ ব্যবহার করে পোশাক, দৃশ্য ও গল্প নির্মাণের মাধ্যমে তাদের সৃজনশীলতা উপস্থাপন করে। ভিজুয়াল আর্ট, পারফরম্যান্স ও স্টোরিটেলিংয়ের সমন্বয়ে তারা সমাজের নানা দিক ও মানসিক বাস্তবতাকে শিল্পের ভাষায় প্রকাশ করে, যা দর্শকের মধ্যে আগেও ব্যাপক সাড়া ফেলে। এবারো তার ব্যতিক্রম হয়নি। আয়োজন ও পারফরম্যান্সের মাধ্যমে অনুষ্ঠানটি তার বিশেষত্ব ধরে রেখেছে।
ইউল্যাবের গণমাধ্যম ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থীরাই আয়োজনটি করে থাকে। তাদের পাঠক্রমভিত্তিক এ উদ্যোগ শিক্ষার্থীদের ধারণাগত শিল্পচর্চা ও ভিজুয়াল আর্টকে একসঙ্গে সম্পৃক্ত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ‘স্প্রিং ২০২৬’ সেমিস্টারের ‘জাতীয় চেতনার ফাঁদ/ দ্য পিটফলস অব ন্যাশনাল কনশাসনেস’ বিষয়কে কেন্দ্র করে নির্মিত পরিবেশনাগুলো দর্শকের সামনে এক গভীর ও চিন্তাশীল অভিজ্ঞতা তুলে ধরে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রখ্যাত অভিনেতা, নির্মাতা ও লেখক আফজাল হোসেন। তার উপস্থিতি আয়োজনটিকে আরো মর্যাদাপূর্ণ করে তোলে এবং তরুণ শিল্পীদের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে দাঁড়ায়।
সার্বিকভাবে, রূপান্তর: দ্য রেজোন্যান্স শো হয়ে উঠেছে ভাবনা, সৃজনশীলতা ও সামাজিক সচেতনতার এক শক্তিশালী মঞ্চ। এটি দর্শকের মনে দীর্ঘস্থায়ী প্রভাব ফেলতে সক্ষম হয়েছে।










