দেশ-বিদেশের লোকসংগীত নিয়ে আয়োজন হয় ফোক ফেস্ট। ২০১৫-১৯ সাল পর্যন্ত টানা পাঁচ বছর আয়োজিত হয়েছে উৎসবটি। এটি হতো আর্মি স্টেডিয়ামে। প্রতি বছর লোকসংগীতসহ সব জনরার সংগীতপ্রেমীরা অংশ নিতেন এতে। তবে ২০২০ সালে কভিড-১৯ মহামারীর কারণে আয়োজনটি হয়নি। এরপর নিরাপত্তা নিয়ে নিশ্চিত হতে না পারার কারণে এর আয়োজন আর হয়নি। এ বছর তারিখ দেয়া হলেও আপাতত স্থগিত করা হয়েছে উৎসব। কারণ হিসেবে ভেন্যু জটিলতার কথা বলা হয়েছে।
জুলাই আন্দোলনের পর পরিবর্তিত পরিস্থিতিতে পুরনো অনেক কিছুই ফেরত এসেছে। সে জায়গা থেকে অনেকেই মনে করেছিলেন, ফোক ফেস্টও ফেরত আসবে। এর আয়োজন সান কমিউনিকেশনসের পক্ষ থেকে বলা হয়েছিল, ২০২৫ সালের ২৩-২৫ জানুয়ারি আয়োজন হবে ফোক ফেস্ট। গত অক্টোবরে এ ঘোষণা দেয়া হলেও দুই মাস পর জানানো হলো ‘আপাতত স্থগিত’ হচ্ছে এটি।
এ বিষয়ে সান কমিউনিকেশনসের এক্সিকিউটিভ ক্রিয়েটিভ ডিরেক্টর তানভীর হোসেন গণমাধ্যমকে জানান, প্রাথমিকভাবে তারা আর্মি স্টেডিয়াম কর্তৃপক্ষের সঙ্গে আলাপ করেই জানুয়ারিতে ফোক ফেস্ট আয়োজনের চূড়ান্ত তারিখ ঘোষণা করেছিলেন। কিন্তু বর্তমান পরিস্থিতিতে এসে ভেন্যু কর্তৃপক্ষ অনেক কিছু নিয়েই চিন্তিত। নিরাপত্তা একটা বড় বিষয় সেখানে। তিনি বলেন, ‘আতিফের কনসার্ট নিয়েও ভেন্যু কর্তৃপক্ষের অভিজ্ঞতা ভালো না, তার ওপর ট্রাফিক নিয়েও তারা কনসার্ন। সবকিছু বিবেচনা করেই বলা যায়, আপাতত ফোক ফেস্টের আসন্ন আয়োজনটি স্থগিত করা হয়েছে।’
তবে তানভীর আশাবাদও প্রকাশ করেছেন। তিনি বলেন, ‘আমরা তো ফোক ফেস্টের সমস্ত প্রস্তুতি নিয়ে রেখেছি। নতুন শিডিউল হলে আর্টিস্টদের পরবর্তী সময়সূচি জানিয়ে দেব শুধু। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, পরিস্থিতি কিছুটা স্বাভাবিক মনে হলে কর্তৃপক্ষ এ উৎসবের জন্য ভেন্যু বরাদ্দ দেবেন।’










