২০১৩ সালে রাকেশ ওমপ্রকাশ মেহরা পরিচালিত ভাগ মিলখা ভাগ চলচ্চিত্রে মূল চরিত্রে অভিনয় করেছিলেন আরেক নামি নির্মাতা ও অভিনেতা ফারহান আখতার। এরপর আর কোনো চলচ্চিত্রে এ দুজন কাজ করেননি। দীর্ঘ ছয় বছর পর আবার তারা কাজ করছেন একই ছবিতে। বলিউডের এ দুই নির্মাতা একত্রে কাজ করছেন তাদের নতুন চলচ্চিত্র ‘তুফান’-এ। আগের মতো এবারো চলচ্চিত্রের পরিচালনায় রয়েছেন রাকেশ এবং মূল চরিত্রে অভিনয় করছেন ফারহান আখতার। গত মাসের শুরুর দিকে জন্মাষ্টমীর শুভক্ষণে সিনেমাটির শুটিং শুরু করা হয়। এর মধ্যেই ফারহান আখতার তার সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করেছেন সিনেমাটির ফার্স্ট লুক বা টিজার

টিজারে দেখা যায়, ফারহান আখতার একটি বক্সিং রিঙের মধ্যে একটি বক্সিং ম্যচের জন্য তৈরি হচ্ছেন। তুফানে অভিনয় প্রসঙ্গে ফারহান জানান, এ চলচ্চিত্রের প্রয়োজনে তিনি তার শরীরকেও আবার সম্পূর্ণ নতুন রূপে গড়ছেন।    

বর্তমানে ফারহান আখতার তার আসন্ন সিনেমা ‘দ্য স্কাই ইজ পিংক’ সিনেমাটির প্রচারণায় ব্যস্ত আছেন, যেখানে তিনি প্রিয়াংকা চোপড়ার সঙ্গে জুটিবদ্ধ হয়ে কাজ করেছেন। এর আগেও এই জুটি ‘দিল ধাড়াকনে দো’ নামক একটি সিনেমায় একসঙ্গে কাজ করেছে। এছাড়া ফারহান আখতার পরিচালিত ‘ডন থ্রি’ সিনেমায়ও প্রিয়াংকা চোপড়া অভিনয় করেছেন।

এই জুটির বর্তমান সিনেমা ‘দ্য স্কাই ইজ পিংক’ মুক্তি পাচ্ছে চলতি মাসের ১১ তারিখ এবং ফারহান আখতার ও রাকেশ ওমপ্রকাশ মেহরার ‘তুফান’ গান্ধীজয়ন্তী উপলক্ষে আগামী বছরের ২ অক্টোবরে মুক্তির তারিখ চূড়ান্ত করা হয়েছে।

 

সূত্র: বলিউড হাঙ্গামা