চিত্রনায়িকা আইরিন সুলতানা অভিনীত সর্বশেষ সিনেমা ‘কাগজ’। মাঝে প্রায় দুই বছর বড় পর্দায় দেখা যায়নি তাকে। গত শুক্রবার মুক্তি পায় তার অভিনীত সিনেমা ‘দুনিয়া’। এ সিনেমা মুক্তির মধ্য দিয়ে দীর্ঘদিন পর ফের আলোচনায় আইরিন।
মাঝে মিডিয়া থেকে খানিকটা দূরেই ছিলেন এ অভিনেত্রী। চাকরি নিয়েছিলেন, তবে বছরখানেক আগে ছেড়ে দিয়েছেন। হঠাৎ করেই ঘোষণা আসে তার অভিনীত দুনিয়া নামে একটি সিনেমা মুক্তি পাচ্ছে। এর পরই আলোচনায় তিনি।
এতে আনিসুর রাহমান মিলন ও নিরবের সঙ্গে অভিনয় করেছেন আইরিন। সিনেমাটি পরিচালনা করেছেন সাইফ চন্দন। সিনেমা মুক্তি প্রসঙ্গে আইরিন বলেন, ‘সিনেমার কাজ অনেক আগেই শেষ করা হয়েছিল। কিন্তু মুক্তির জন্য বেশ অপেক্ষা করতে হয়েছে। সপ্তাহখানেক আগে জানতে পেরেছি, এটি মুক্তি পাচ্ছে। শোনার পরই খুব আগ্রহ নিয়ে অপেক্ষা করেছি প্রেক্ষাগৃহে দেখার।
তিনি আরো বলেন, ‘সিনেমাটির নাম প্রথমে রাখা হয়েছিল ‘টার্গেট’, পরে নাম পরিবর্তন করে দুনিয়া রাখা হয়েছে। এখানে আমি অভিনয় করেছি দ্বৈত চরিত্রে। একটি চরিত্র আধুনিক শহুরে, অন্যটি মফস্বলের মেয়ের চরিত্র। কাজের অভিজ্ঞতা ও এর গল্প নিয়ে আশাবাদী হয়ে বলতে পারি, দর্শক সিনেমাটি দেখে নিরাশ হবে না।’
আইরিন বেশ আগে নতুন কয়েকটি সিনেমার কাজ শেষ করেছেন। এর মধ্যে অনেক সিনেমা সেন্সরও হয়ে আছে। এগুলো হয়তো সামনে মুক্তি পাবে।










