জয়া আখতার নির্মাণ করেছিলেন ‘জিন্দগি না মিলেগি দোবারা’। সিনেমাটিতে অভিনয় করেন হৃতিক রোশন, অভয় দেওল ও ফারহান আখতার। ২০১১ সালে মুক্তি পাওয়া সিনেমাটি এখনো বলিউডের সিনেমাপ্রেমীদের অন্যতম পছন্দের। ১৪ বছর পর এ তিন অভিনেতা আবারো একসঙ্গে ক্যামেরার সামনে এলেন। তবে নতুন কোনো সিনেমা নয়। তারা অভিনয় করেছেন একটি বিজ্ঞাপনের জন্য। কিন্তু সে বিষয়ই তাদের ভক্ত ও দর্শকের মধ্যে উচ্ছ্বাস তৈরি করেছে।

গত শনিবার এ তিন অভিনেতা ইনস্টাগ্রামে একটি ছবি আপলোড করেন। তারা মূলত মিরাল ডেস্টিনেশনের ইয়াস আইল্যান্ডকে প্রমোট করছেন। হৃতিকের ইনস্টাগ্রাম আইডি থেকে শেয়ার করা পোস্টে তিনি লিখেছেন, ‘কাজটা করতে সময় লাগল অনেক, কিন্তু শেষ পর্যন্ত আমরা হ্যাঁ বললাম।’ এর সঙ্গে হ্যাশট্যাগে লিখেছেন জীবনকে হ্যাঁ বলো। ইয়েসকে অবশ্য তারা ‘ইয়াস’ লিখেছেন। এটা মূলত জিন্দগি না মিলেগি দোবারার বিশেষত্ব।

এছাড়া হৃতিকের পোস্ট করা ছবিটিতেও এ সিনেমার ছাপ পাওয়া যায়। একটা পুরনো ক্ল্যাসিক মডেলের গাড়ির সঙ্গে পোজ দিয়েছেন তিনজন। এ রকম গাড়ি ব্যবহার হয়েছিল সিনেমায়।

ছবিটি পোস্ট করার পর পরই সামাজিক যোগাযোগমাধ্যমে তিন অভিনেতার ভক্তরা উচ্ছ্বাস প্রকাশ শুরু করেন। তারা তিনজনকে একসঙ্গে দেখে আনন্দ ও ভালোবাসা জানিয়েছেন। ইনস্টাগ্রামে পোস্টে অভিনেতারা জানাননি এটা কী কারণে তোলা। সে কারণেই হয়তো দর্শকের অনেকে মনে করেছিলেন এ সিনেমার সিকুয়াল তৈরি হচ্ছে। অনেকে সেভাবেই কমেন্ট করেছেন। সবাই বলছিলেন, তিন অভিনেতাকে একসঙ্গে দেখতে তারা উদগ্রীব। তবে অনেকেই সন্দেহ প্রকাশ করেছেন সিনেমার সিকুয়াল নিয়ে। পরে জানা গেল, আসলে সিনেমাটির সিকুয়াল হচ্ছে না।

জিন্দগি না মিলেগি দোবারায় হৃতিক, অভয় ও ফারহান যথাক্রমে অর্জুন, কবির ও ইমরান চরিত্রে অভিনয় করেন। তারা পুরনো বন্ধু ও কবিরের ব্যাচেলর পার্টি উপলক্ষে তারা বহু বছর পর একত্র হন। সিনেমার মতো এবারো তিন অভিনেতা দীর্ঘ বিরতির পর একত্র হলেন।

সূত্র: বলিউড হাঙ্গামা