হলিউডের জনপ্রিয় অভিনেত্রী সার্শা রোনান এবার নতুন রূপে হাজির হচ্ছেন। উচ্চাভিলাষী চার পর্বের ‘বিটলস’ বায়োপিকে স্যার পল ম্যাককার্টনির স্ত্রী লিন্ডা ম্যাককার্টনির চরিত্রে অভিনয় করতে যাচ্ছেন রোনান। চলচ্চিত্রটি নির্মাণ করছেন অস্কারজয়ী পরিচালক স্যাম মেন্ডেস, যিনি বিখ্যাত ‘আমেরিকান বিউটি’, ‘১৯১৭’ ও ‘স্কাইফল’ সিনেমার জন্য বিখ্যাত।

সনি পিকচার্স প্রযোজিত এ সিরিজে থাকছে চারটি পৃথক চলচ্চিত্র। বিটলস ব্যান্ডের চার সদস্য পল ম্যাককার্টনি, জন লেনন, জর্জ হ্যারিসন ও রিঙ্গো স্টারকে কেন্দ্র করে এই সিরিজ চলচ্চিত্র নির্মাণ করা হবে। চারজনের গল্প মিলেই গড়ে উঠবে এক বিশাল কাহিনী। তাতে ব্যান্ডটির উত্থান, জনপ্রিয়তার তুঙ্গে ওঠা এবং ১৯৭০ সালে তাদের বিচ্ছেদ পর্যন্ত বিভিন্ন ঘটনা তুলে ধরা হবে।

চলচ্চিত্রগুলোয় পল ম্যাককার্টনির চরিত্রে অভিনয় করবেন পল মেস্কাল, জন লেনন হবেন হ্যারিসন ডিকিনসন, জর্জ হ্যারিসন চরিত্রে জোসেফ কুইন, আর রিঙ্গো স্টার হিসেবে দেখা যাবে ব্যারি কিওগানকে। একাডেমি অ্যাওয়ার্ড–মনোনীত আইরিশ অভিনেত্রী সার্শা রোনান ১৯৬৯ সালে পল ম্যাককার্টনিকে বিয়ে করা লিন্ডা ম্যাককার্টনির ভূমিকায় অভিনয় করবেন। লিন্ডা ছিলেন ম্যাককার্টনির ব্যান্ড ‘উইংস’-এর কিবোর্ড বাদক ও কণ্ঠশিল্পী।

সিরিজের সব চলচ্চিত্রই ২০২৮ সালের এপ্রিলে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।

এই সিরিজের সবচেয়ে বড় বিশেষত্ব হলো, এটি বিটলস সদস্যদের জীবনের ওপর নির্মিত প্রথম আনুষ্ঠানিকভাবে অনুমোদিত বায়োপিক, যেখানে তাদের পূর্ণ জীবন কাহিনী ও সংগীত ব্যবহারের অধিকার অনুমোদন দিয়েছেন পল ম্যাককার্টনি, রিঙ্গো স্টার এবং প্রয়াত জন লেনন ও জর্জ হ্যারিসনের পরিবার।

সূত্র: ইন্ডিয়া টুডে