দৃষ্টি প্রতিবন্ধীদের ভাষা নিয়ে সচেতনতা বাড়াতে বিশেষ ক্যাম্পেইনিং শুরু করেছে গ্রামীণফোন ও ওটিটি প্লাটফর্ম চরকি। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে দৃষ্টি প্রতিবন্ধীদের সিনেমা উপভোগের ব্যবস্থা করেছে প্রতিষ্ঠান দুটি।
অডিও ডেসক্রিপশন বা ধারাবর্ণনার মাধ্যমে সিনেমাটি উপভোগ করতে পারবেন তারা। আর এজন্য বেছে নেয়া হয়েছে চরকি অরিজিনাল ফিল্ম কাছের মানুষ দূরে থুইয়া। এটি ‘মিনিস্ট্রি অব লাভ’ প্রকল্পের একটি সিনেমা।
গ্রামীণফোন কর্তৃপক্ষ জানিয়েছে, কাছের মানুষ দূরে থুইয়া সিনেমাটি বিশেষভাবে ডিজাইন করা হয়েছে। ভার্সনটি ২১-২৩ ফেব্রুয়ারি ফ্রিতে উপভোগ করা যাবে মাইজিপি অ্যাপে। প্রতিষ্ঠানটি তাদের ভেরিফায়েড ফেসবুক পেজে লিখেছে, ’চরকি ও গ্রামীণফোন এই প্রথম দেখার ভাষায় নিয়ে এল কাছের মানুষ দূরে থুইয়া চলচ্চিত্রটি। দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তিরা এখন সিনেমাটি পুরোপুরি এক্সপেরিয়েন্স করতে পারবেন অডিও ডেসক্রিপশনসহ।’
প্রীতম হাসান-তাসনিয়া ফারিণ অভিনীত সিনেমাটি পরিচালনা করেছেন শিহাব শাহীন। নির্মাতা বলেন, ‘দর্শক দেখবে বলেই আমরা কাজ করি। চরকি ও গ্রামীণফোন দারুণ পদক্ষেপ নিয়েছে। আমার পরিচালিত সুপারহিট চরকি অরিজিনাল ফিল্ম কাছের মানুষ দূরে থুইয়া দেখা ও শোনা যাবে দেখার ভাষায় অর্থাৎ অডিও ডেসক্রিপশনসহ!’
সংলাপগুলো ঠিক রেখে পুরো সিনেমাটি বর্ণনা করা হয়েছে। চরিত্রের অবস্থান, পরিবেশ, মুহূর্ত, স্থানের ধারাবর্ণনার মাধ্যমে তৈরি করা হয়েছে নতুন ভার্সনের সিনেমাটি। এতে ধারাবর্ণনা করেছেন অভিনেতা ইন্তেখাব দিনার, লিখেছেন সিদ্দিক আহমেদ।
এমন উদ্যোগে থাকতে পেরে আনন্দ ও তৃপ্তি প্রকাশ করেছেন চরকির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) রেদওয়ান রনি। তিনি বলেন, ‘এটা সত্যি অনেক তৃপ্তির যে চরকির একটা সিনেমা দৃষ্টি প্রতিবন্ধীদের উপভোগের উপযোগী করে প্রস্তুত করতে পেরেছি আমরা। এর মাধ্যমে আমরা সব ও সবার ভাষার প্রতি সম্মান জানাচ্ছি।’
সিনেমাটি একটি স্পর্শের গল্প। জীবনের প্রয়োজনে দূরে যাওয়ার, আবার অনুভূতির আলোড়নে ফিরে আসার গল্প। লং ডিসট্যান্স রিলেশনশিপে পরস্পর থেকে হাজারো মাইল দূরে অবস্থানরত প্রেমিক-প্রেমিকার গল্প। দূরত্ব কীভাবে সম্পর্কে ক্লেদ, সন্দেহ, অবিশ্বাস, রাগ, ক্ষোভ, বিচ্ছেদ ঘটায় তার গল্প। কাছের মানুষ দূরে থুইয়া একটি আলিঙ্গনের গল্প। ২০২৪ সালের ফেব্রুয়ারিতে চরকিতে মুক্তি পায় এ সিনেমা।










