বিশ্ব চলচ্চিত্রের ইতিহাসে ১৮৯৫ সালে নির্মিত লুমিয়ের ভ্রাতৃদ্বয় নির্মিত দি অ্যারাইভাল অব আ ট্রেন-এর গুরুত্ব অপরিসীম। পরবর্তী সময়ে মাত্র কয়েক সেকেন্ডের এ ছবি কিংবদন্তি ভূমিকা রেখেছে চলচ্চিত্রকে এগিয়ে নেয়ার ক্ষেত্রে। এ গুরুত্বকে অনুধাবন করে এবং ছবিটিকে দর্শকের সামনে আরো নতুন করে তুলে ধরতে রাশিয়ার একজন ইউটিউবার ছবিটির উন্নত ও রঙিন ভার্সন তৈরি করে তা ২ ফেব্রুয়ারি ইউটিউবে প্রকাশ করেছেন। প্রকাশের পরই ভিডিওটি ভাইরাল হয়ে যায়। মুক্তির কয়েক দিনের মাথায় প্রায় ১ দশমিক ১ মিলিয়ন বার দেখা হয়েছে এটি।

১২৫ বছরের পুরনো সাদা-কালো এ ছবিতে ফ্রান্সের এক স্টেশনে একটি বাষ্পচালিত ট্রেন আসার দৃশ্য তোলা হয়েছিল। সিনেমাটোগ্রাফ যন্ত্র দিয়ে এ দৃশ্য ধারণ করা হয়েছিল মাত্র একটি শটে।

ডেনিস সিরায়েভ নামের রাশিয়ান এক ইউটিউবার আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স পদ্ধতির সহায়তায় ছবি উন্নতীকরণ সফটওয়্যার ও ভিডিও ফ্রেম প্রক্ষেপণ কোড ব্যবহার করে ৭২০ পিক্সেল রেজল্যুশন ছবিটির দুটি ভার্সন তৈরি করে তা মুক্তি দেন। এর একটি ফোর কে রেজল্যুশনের।

১৮৯৫ সালের নির্মাণ করা হলেও দি অ্যারাইভাল অব আ ট্রেন জনসাধারণের সামনে আসতে এক বছর লেগে যায়। ১৮৯৬ সালে এটি প্রেক্ষাগৃহে প্রদর্শন করা হয়। প্রচলিত আছে, লুমিয়ের ভ্রাতৃদ্বয় যখন প্রথমবারের মতো এ ছবি প্রেক্ষাগৃহে প্রদর্শন করেন, তখন দর্শক ভয়ে প্রদর্শন কক্ষের পেছন দিকে দৌড়ানো শুরু করেছিল। তারা ভেবেছিল ট্রেনটি তাদের দিকে তেড়ে আসছে এবং তাদের চাপা দেবে। নির্বাক এ ছবির দৈর্ঘ্য  ৫০ সেকেন্ড।

 

সূত্র: ইন্ডিওয়্যার ও স্ক্রলইন