তাপসী পান্নু অভিনীত থাপ্পড় ছবির ট্রেইলার প্রকাশ পেয়েছে ৩১ জানুয়ারি। ট্রেইলারটি প্রকাশের পর ছবিটির থাপ্পড় মারার দৃশ্যটিকে অনেকেই শহীদ কাপুরের কবির সিং-এর একটি দৃশ্যের সঙ্গে তুলনা করছেন। সন্দীপ রেড্ডি ভাংগার পরিচালিত কবির সিং ছবির একটি দৃশ্যে দেখা যায়, কবির সিং (শহীদ কাপুর) প্রীতিকে (কিয়ারা আদভানি) থাপ্পড় মারে। অনেকেই বলছেন, এ ঘটনার প্রতিক্রিয়া হলো তাপসীর থাপ্পড় ছবিটি। সম্প্রতি তাপসী কবির সিংয়ের মতো পুরুষালি চরিত্রটি নিয়ে কথা বলেছেন।

সম্প্রতি ইটি টাইমস-এর সঙ্গে আলাপকালে তাপসী পান্নু বলেছেন, কবির সিংয়ের মতো চরিত্র ভারতীয় সমাজের পক্ষে ক্ষতিকর। কারণ এমন ছবি দেখার ফলে মানুষের মধ্যে এক ধরনের প্রবণতা তৈরি হয়। সালমান খানের তেরে নাম-এর উদাহরণ টেনে তাপসী উল্লেখ করেন, যদি একটি সাধারণ চুলের কাট ট্রেন্ডে পরিণত হতে পারে, তাহলে কবির সিংয়ের মতো চরিত্র কতটা প্রভাব ফেলতে পারে সমাজে। এগুলো কোনো বীরত্বপূর্ণ কাজ নয়।

আমরা এখনো বছরের পর বছর ধরে ‘পেয়ার দোস্তি হ্যায়’ ধারণাটি অনুসরণ করছি; তাই না? এগুলোই হলো সমাজের ওপর সিনেমার প্রভাব। কবির সিং ছবিটি এ রকম অনেক বিষয়কে বৈধতা দিয়েছে। যদিও এগুলো অনেক আগে থেকেই সমাজে ঘটে চলেছে। কিন্তু ছবিটির এ বৈধতা দেয়াকে সমস্যা বলে মনে করেন এ অভিনেত্রী।

তাপসী অভিনেতা শহীদ কাপুরকে এ চরিত্রটি বাছাইয়ের জন্য একটি বার্তাও দিয়েছেন, ‘আমি জানি, হলিউড এবং ইউরোপীয় ছবিগুলোয় এ ধরনের চরিত্রে অভিনয় করা হয়। কিন্তু তাদের সমাজ সিনেমার মাধ্যমে ততটা প্রভাবিত হয় না যতটা ভারতীয় সমাজ হয়।

এ বিষয়ে তাপসী আরো যোগ করেন, যদি আগামীকাল টম ক্রুজ চুলে একটি বিশেষ কাট দেন, তবে আমেরিকার কেউই এটি অনুসরণ করবে না। কারণ এটি টম ক্রুজ করেছে। কিন্তু ভারতের মানুষ সিনেমা দ্বারা প্রভাবিত হয়; তারা যা দেখে তা অনুসরণের চেষ্টা করে। কাজেই অভিনেতা হিসেবে আপনাকে আরো একটু সচেতন হতে হবে।

 

সূত্র: ডিএনএইন্ডিয়া