বর্তমানে বাংলা নাটকে জুটি প্রথার বেশ প্রচলন রয়েছে। দর্শকও জুটিকে বেশ ভালোভাবেই গ্রহণ করছে। এমনই একটি জুটি হলো নিলয় আলমগীর ও জান্নাতুল সুমাইয়া হিমি। তাদের প্রত্যেক নাটক ইউটিউবে ভিউয়ের দৌড়ে এগিয়ে রয়েছে। এদিকে আরেক জুটি আরশ খান ও তানিয়া বৃষ্টি। তাদেরও একসঙ্গে বহু নাটকে দেখা গেছে। তবে সাম্প্রতিক সময়ে এ জুটির কোনো কাজ দেখা যায়নি।

এদিকে তানিয়া বৃষ্টি কাজ করছেন অনেকের সঙ্গেই। তারই ধারাবাহিকতায় এবার নতুন একটি নাটকে নিলয়ের সঙ্গে জুটি বাঁধলেন। নাটকের নাম ‘মরতে মরতে বেঁচে গেলাম’। এটি পরিচালনা করেছেন মিতুল খান। এরই মধ্যে নাটকটি ইউটিউবে প্রকাশ হয়েছে। প্রকাশের পর অবশ্য নিলয়-তানিয়া জুটিও দর্শকের বাহবা পাচ্ছে। এরই মধ্যে দুই মিলিয়ন দর্শক নাটকটি দেখেছে। 

এ প্রসঙ্গে নিলয় আলমগীর বলেন, ‘নাটকটি প্রকাশের পর বেশ ভালোই সাড়া পাচ্ছি। এর গল্প দারুণ। নির্মাতার সঙ্গে আগে কাজ করেছি, তাই বোঝাপড়াটা ভালো ছিল। তানিয়ার সঙ্গে আগেও কাজ করেছি। আমাদের দুজনের অনেক ভালো গল্পের নাটক আছে, যা দর্শকের ভালোবাসায় আলোচনায় এসেছে। আমাদের এ জুটিও দর্শক পছন্দ করে।’ 

তানিয়া বৃষ্টি বলেন, ‘নাটকে আমি নিলয়ের সঙ্গে জুটি বেঁধেছি, তার সঙ্গে আমার বোঝাপড়াটা অনেক ভালো। একজন বন্ধু হিসেবে সে অসাধারণ। এবার একটা ভিন্ন রকম গল্পে কাজ করলাম দুজন। যথারীতি আগের মতো এ নাটকের জন্য দর্শকের কাছ থেকে বেশ ভালো সাড়া পাচ্ছি।’