এবছর মুক্তি পাচ্ছে জেমস গান পরিচালিত ‘সুপারম্যান লেগ্যাসি’। সিনেমাটিতে অভিনয় করেছেন ডেভিড কোরেন্সওয়েট। তবে এটি মুক্তির আগেই এ নিয়ে তৈরি হয়েছে সংকট। সুপারম্যানের কপিরাইট নিয়ে মামলা হয়েছে। আমেরিকার বাইরে এ সিনেমা বা চরিত্র নিয়ে তৈরি করা সিনেমার কপিরাইট ডিসির কাছে নেই বলে অভিযোগ করা হয়েছে। সুপারম্যানের সহনির্মাতা (চরিত্রটি যখন তৈরি হয়েছিল) জো শুস্টারের ভাগ্নে মার্ক পেরি এ অভিযোগ করে মামলা করেন। কিন্তু ডিসি বলছে বিষয়টা অনেক আগেই সমাধান করা হয়েছে।

মার্ক পেরির পক্ষ থেকে দাবি করা হয়েছিল যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়া ও আয়ারল্যান্ডে সুপারম্যানের সিনেমা নির্মাণ ও প্রচারের অধিকার ডিসির নেই। এর বিপরীতে ওয়ার্নার ব্রোস ও ডিসি স্টুডিওর পক্ষ থেকে একটি নতুন পিটিশন করা হয়েছে। তারা মার্কের অভিযোগ খারিজ করার আবেদন করেন। তারা জানাচ্ছে, এর আগেও মার্ক পেরির একাধিক অভিযোগ খারিজ করে দিয়েছেন আদালত। কেননা শুস্টারের মৃত্যুর পর ১৯৯২ সালে মার্ক পেরির মা জিন পেরি সুপারম্যানের কপিরাইট বিক্রি করে দিয়েছেন। সে চুক্তিপত্র ওয়ার্নার ব্রোসের কাছে আছে।

স্টুডিওর পক্ষ থেকে তাদের অ্যাটর্নি ড্যানিয়েল পেত্রোসেলি যুক্তি দেন, ‘পেরির কোনো অভিযোগই ধোপে টেকে না। কিন্তু মার্ক পেরি ও শুস্টার এস্টেটের আইনজীবী যুক্তি দিয়েছেন বিদেশে কোনো কনটেন্টের কপিরাইট লেখক মারা যাওয়ার পর আর কপিরাইট কারো হাতে থাকে না। তারা নিউইয়র্কে মামলা করেছেন, কেননা তারা বার্ন কনভেনশন মেনে চলেন। কিন্তু পেত্রোসেলি বলছেন, বার্ন কনভেনশন যুক্তরাষ্ট্রের আদালতে গ্রহণ করা হয় না। সে কারণে মামলাটি অতিসত্বর খারিজ করা উচিত।

এছাড়া তিনি জানান, শুস্টার এস্টেটের অভিযোগ এর আগেও আদালত খারিজ করে দিয়েছেন। তিনি প্রমাণ উপস্থাপন করেন ২০১৩ সালে লস অ্যাঞ্জেলেসের নবম সার্কিট কোর্ট/ আপিলও ফেডারেল জজ খারিজ করে দিয়েছিলেন। এখন এ মামলা চালানো কেবল আদালতের সময় অপচয়।

সূত্র: ভ্যারাইটি