পবিত্র রমজান মাস উপলক্ষে টেলিভিশন চ্যানেলগুলো ভিন্ন অনুষ্ঠানমালা সাজায়। সে ধারায় বৈশাখী টিভিরও থাকছে আলাদা আয়োজন। এ আয়োজনে প্রতিদিন থাকছে ‘আল কুরআনের বাণী’। প্রতিদিন সকাল ৭টায় প্রচার হবে এটি। কোরআনের বাণী ঘরে ঘরে পৌছে দিতেই আল কোরআনের বাণী অনুষ্ঠান। অনুষ্ঠানের প্রতি পর্বে একজন ক্বারি কুরআনের নির্দিষ্ট সূরার আয়াত তিলাওয়াত করবেন, বাংলায় তার তর্জমা ও একজন আলোচক উপস্থাপকের সঙ্গে তা তাফসির করবেন। আলোচনায় অংশ নেবেন শায়খ আহমাদুল্লাহ, মাওলানা মোখতার আহমাদ ও মইনুল ইসলাম মাজেদী।
স্বাস্থ্যবিষয়ক অনুষ্ঠান ‘সবার ডাক্তার’ প্রচার হবে প্রতিদিন সকাল ৯টায়। ডা. মো. রাজীব আল-আমিনের উপস্থাপনায় অংশ নেবেন দেশের বিশেষজ্ঞ ডাক্তাররা।
এইচএম বরকতুল্লাহর উপস্থাপনায় রমজানের প্রতিদিনের সরাসরি ইসলামী অনুষ্ঠান ‘রমজানের সওগাত’। প্রচার হবে বিকাল ৫টা ১৫ মিনিটে। রমজানের ফজিলত, গুরুত্ব, মহাগ্রন্থ আল কুরআন ও হাদিসের আলোকে ইমান, আমল ও ইসলামের বিভিন্ন মৌলিক বিষয় নিয়ে আলাপ করা হবে এখানে।
পহেলা রমজান থেকে বৈশাখী টিভিতে প্রতিদিন ইফতারের পর পরই প্রচার হচ্ছে স্থপতি, লেখক, নির্মাতা ও পর্যটক শাকুর মজিদের ৩০ পর্বের প্রামাণ্যচিত্র ইসলামের স্থাপত্যধারা। গত ১৪০০ বছর ধরে ইসলামের বিকাশের সঙ্গে সঙ্গে বিশ্বব্যাপী ইসলামী স্থাপত্যধারার যে বিকাশ ও বিবর্তন ঘটেছিল উমাইয়া, আব্বাসী, ফাতেমীয়, মামলুক, আইয়ুবীয়, সুলতানী, তুঘলকী, মোগল আমল থেকে শুরু করে বর্তমান আমলের নির্বাচিত স্থাপনাগুলোই স্থান পেয়েছে এ ধারাবাহিক প্রামাণ্যচিত্রে।
এর পর্বগুলোয় ইসলামী স্থাপত্যের সূচনাকাল-উমাইয়া আমল, ওমর ইবনে আল-আস মসজিদ দিয়ে মিসরে ইসলামী স্থাপত্যের সূচনার কথা জানা যাবে। কুব্বাত আস সাখরা: প্রথম গম্বুজের ব্যবহার, উকবা মসজিদ: তিউনিসিয়ায় ইসলামি স্থাপনার সূত্রপাত, করদোবায় মুরিশ স্থাপত্যকৌশলের সূচনা, অষ্টম শতাব্দীতে শুরু হয় আব্বাসি রীতির বিশালাকার স্থাপত্য, আব্বাসি রীতির ইবনে তুলন মসজিদ নিয়েও থাকবে বিস্তারিত আলোচনা।
থাকছে বিশেষ ধারাবাহিক নাটক ‘পরকাল’। টিপু আলম মিলনের গল্পে বৈশাখী টিভির রমজানের ধারাবাহিক নাটক এটি। প্রথম রমজান থেকে প্রচার হবে প্রতিদিন সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে।
আকাশ রঞ্জনের চিত্রনাট্য ও পরিচালনায় নাটকটিতে অভিনয় করেছেন সাঈদ বাবু, বৃষ্টি ইসলাম, ইলমাসহ অনেকে।










