দীর্ঘদিন বিরতির পর শরতের জবা সিনেমা দিয়ে কাজে ফেরেন কুসুম শিকদার। এর পরিচালনা করার পাশাপাশি অভিনয়ও করেছেন তিনি। সিনেমাটি গত ১১ অক্টোবর দেশের সিনেমা হলে মুক্তি পায়। মুক্তির পর এ সিনেমা মাল্টিপ্লেক্স-কেন্দ্রিক দর্শকের প্রশংসাও কুড়িয়েছে। প্রেক্ষাগৃহে মুক্তির দুই মাসের মাথায় শরতের জবা মুক্তি পেতে যাচ্ছে ওটিটি প্লাটফর্ম আইস্ক্রিনে।
১২ ডিসেম্বর বেলা ৩টায় আইস্ক্রিনে স্ট্রিমিং হবে শরতের জবা। প্লাটফর্ম থেকে জানানো হয়, সিনেমাটি দেখতে ২০ টাকা দিয়ে দর্শককে সাবস্ক্রাইব করতে হবে।
গত সোমবার দুপুরে কুসুম শিকদার গণমাধ্যমকে ১২ ডিসেম্বর সিনেমাটি মুক্তি পাওয়ার কথা নিশ্চিত করেন।
নিজের লেখা বই ‘অজাগতিক ছায়া’ থেকে শরতের জবা গল্পটি চলচ্চিত্রের পর্দায় তুলে এনেছেন কুসুম। এটি প্রযোজনা করেছে ইমপ্রেস টেলিফিল্ম ও পহরডাঙ্গা পিকচার্স। ২০২১ সালের বইমেলায় কুসুম শিকদারের বইটি তাম্রলিপি প্রকাশনী থেকে বের হয়েছিল।
একজন একাকী নারীর রহস্যময় জীবনের গল্প শরতের জবা। অতৃপ্ত প্রেম, আঘাতের পর আঘাত, কিছু অপ্রত্যাশিত মৃত্যু জড়ানো জবার জীবন নানা সময় নানা প্রশ্নের জন্ম দেয়। জবা কি আসলেই খুনি? নাকি অদৃশ্য কোনো শক্তি রয়েছে তার সঙ্গে? এমন থ্রিলার গল্পে নির্মিত হয়েছে সিনেমাটি।
এতে কুসুম শিকদার ছাড়াও বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন জিতু আহসান, ইয়াশ রোহান, নিদ্রা দে নেহা, নরেশ ভূঁইয়া, শহিদুল আলম সাচ্চু।










