নাট্যাঙ্গনের জনপ্রিয় মুখ জান্নাতুল সুমাইয়া হিমি। নাটকে অভিনয়ের মাধ্যমে এরই মধ্যে তিনি দর্শকের কাছে বিশেষভাবে পরিচিত হয়েছেন। সমসাময়িক অনেক জনপ্রিয় নাটকে তার অভিনয় দর্শককে মুগ্ধ করেছে। বিশেষত অভিনেতা নিলয় আলমগীরের সঙ্গে হিমির জুটি দর্শকের কাছে বেশ প্রশংসিত। নাটকে নিয়মিত অভিনয়ের পাশাপাশি ভিন্ন ভিন্ন চরিত্রে অভিনয় করে নিজের অবস্থানকে শক্ত করেছেন তিনি। দীর্ঘদিন দেশের বাইরে থেকে সম্প্রতি দেশে ফিরেছেন। দেশে ফিরে আবারো অভিনয়ে ফিরেছেন তিনি।

সম্প্রতি রঙ্গন এন্টারটেইনমেন্ট ইউটিউব চ্যানেলে প্রকাশিত নাটক ‘হিটম্যান’ দর্শকের মধ্যে দারুণ আলোড়ন তুলেছে। নাটকটি রচনা ও পরিচালনা করেছেন তারিক মুহাম্মদ হাসান। ১ অক্টোবর প্রকাশিত এ নাটক মাত্র দুদিনেই ১০ লাখের বেশি ভিউয়ারস উপভোগ করেছেন। বিশেষত হিমি ও নিলয়ের অনবদ্য অভিনয় দর্শককে মুগ্ধ করেছে।

দেশে ফিরে হিমি জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিমের সঙ্গে ‘লাল মোরগের ঝুল’ নামের একটি নাটকে অভিনয় করেছেন। এ নাটকও তারিক মুহাম্মদ হাসানের রচনা, পরিচালনাও তিনিই করেছেন। এরই মধ্যে নাটকটির দৃশ্যধারণের কাজ শেষ হয়েছে বলেও জানিয়েছেন হিমি।

নিজের সাম্প্রতিক ব্যস্ততা নিয়ে তিনি বলেন, ‘হিটম্যান নাটকটি প্রচারে আসার পর থেকেই ভীষণ সাড়া পাচ্ছি। দেশে ফিরেই আমার অত্যন্ত প্রিয় অভিনেতা মোশাররফ করিম ভাইয়ের সঙ্গে ‘লাল মোরগের ঝুল’ নাটকে অভিনয় করেছি। তার সঙ্গে আরো কিছু নাটক করার পরিকল্পনা আছে। এ সময়ে এসে বেশ ভালো ভালো গল্পে কাজ করার প্রস্তাব আসছে। সব যে একই ঘরানার গল্প এমন নয়, বিভিন্ন ধরনের গল্প রয়েছে। রোমান্টিক, কমেডি এমনকি ভীষণ সিরিয়াস গল্পেও কাজ করার প্রস্তাব আসছে।’

নারীপ্রধান গল্প নিয়েও কাজ করছেন হিমি। তিনি বলেন, ‘এর মধ্যে নারীপ্রধান কিছু গল্পেও কাজ করছি। কারণ এ ধরনের গল্পে আমার কাজ কম করা হয়েছে। যে কারণে এ সময়ে এসে আমি নারীপ্রধান গল্পের দিকেও একটু মনোযোগ দিচ্ছি। গল্পগুলো খুব সুন্দর। দর্শকের ভালো লাগবে কাজগুলো, এটা আমার বিশ্বাস।’

ক্যারিয়ারের চ্যালেঞ্জ নিয়ে হিমির অভিমত, ‘এখন আমার ক্যারিয়ারের চ্যালেঞ্জিং সময়। আমি মনে করি, একজন শিল্পী নিজেকে শিল্পী হিসেবে আরো পরিণত করতে পারে এ চ্যালেঞ্জিং সময়েই। কারণ এই এক্সপেরিমেন্টাল কাজগুলোয় নিজেকে যথাযথভাবে উপস্থাপনের সুযোগ থাকে। ধন্যবাদ সবাইকে যারা আমাকে নিয়ে বিভিন্ন সময়ে বিভিন্ন চ্যালেঞ্জিং নাটকে কাজ করেছেন, যারা আমাকে নিয়ে একের পর এক নাটক নির্মাণ করেছেন। ধন্যবাদ আমার সব সহশিল্পীর প্রতি, বিশেষত নিলয় ভাই ও মোশাররফ ভাইয়ের প্রতি।’