মাইদুল রাকিবের পরিচালনায় ও সাজু মুনতাসীরের প্রযোজনায় নতুন ধারাবাহিক নাটক ‘ফাঁকা আওয়াজ’ নির্মিত হচ্ছে। নাটকটিতে অভিনয় করছেন বর্তমান সময়ের জনপ্রিয় অভিনেতা জাহের আলভী ও সামান্তা পারভেজ। এরই মধ্যে নাটকটির শুটিং শুরু হয়েছে। গত বুধবার বিকাল থেকে পিরোজপুর শহর ও আশপাশের মনোরম লোকেশনে দৃশ্যধারণ শুরু হয়।

ঢাকাসহ দেশের বিভিন্ন স্থান থেকে নাটকের কলাকুশলীদের নিয়ে নির্মাতা পিরোজপুরে এসেছেন। শহীদ মিনার প্রাঙ্গণ, টাউন ক্লাব মাঠসহ শহরের বিভিন্ন জায়গায় শুটিং চলছে, যা আগামী সোমবার পর্যন্ত চলবে।

নির্মাতা মাইদুল রাকিব বলেন, ‘এটি একটি দীর্ঘ ধারাবাহিক নাটক, যা প্রযোজনা প্রতিষ্ঠান ১৯৫২-এর প্রযোজক সাজু মুনতাসীরের তত্ত্বাবধানে নির্মাণ হচ্ছে। বর্তমান রাজনৈতিক ও সামাজিক পরিস্থিতিতে কিছু মানুষ আছে যারা ভুয়া প্রকৃতির, একটু ফাঁকা আওয়াজ দিয়ে চলেন। তাদের মুখোশ উন্মোচনের গল্প নিয়েই নাটকটির নামকরণ হয়েছে ফাঁকা আওয়াজ।’

পিরোজপুরে শুটিং করার অনুভূতি জানতে চাইলে তিনি বলেন, ‘গল্পের প্রয়োজনে একটি জেলা বা থানা শহরের প্রয়োজন ছিল। প্রযোজককে বিষয়টি জানালে তিনি পিরোজপুরে যাওয়ার পরামর্শ দেন। ফলে জায়গাটি থেকে আমরা সব ধরনের সহযোগিতা পাচ্ছি। এখানের মানুষও অনেক সহায়ক।’

পিরোজপুর জেলা উদীচী শিল্পীগোষ্ঠীর সাধারণ সম্পাদক খালিদ আবু বলেন, ‘পিরোজপুর একসময় সাংস্কৃতিক ঐতিহ্যে সমৃদ্ধ ছিল। এখানে প্রচুর নাট্য ও সাংস্কৃতিক সংগঠন ছিল। সম্প্রতি একটি প্রযোজনা সংস্থা নাটকের শুটিং করার জন্য পিরোজপুরে আসায় এখানের সাংস্কৃতিক পরিবেশ আরো সমৃদ্ধ হবে।’

নাটকটির মূল চরিত্রে অভিনয় করছেন জাহের আলভী ও সামান্তা পারভেজ। এর পাশাপাশি আরো অভিনয় করছেন শিবা শানু, চাষী আলম, মুকিত জাকারিয়া, সাদ্দাম মাল, হায়দার আলী, মাছুম বাশার, শহীদুন্নবী, এসএম আলমাস, মাসুদ পারভেজ সাগরসহ অনেকে।