ও সাথি রে প্রযোজনা করছে উইন্ডো সিট ফিল্মস ও রিলায়েন্স এন্টারটেইনমেন্ট। সিরিজের শুটিং এখনো শুরু হয়নি। ইমতিয়াজ এ সময় ব্যস্ত আছেন তার প্রি-প্রডাকশন নিয়ে। শুটিং শুরু হতে পারে আগামী মাস থেকে। ইমতিয়াজের পক্ষ থেকে জানানো হয়েছে সিরিজটিতে একটা ‘ক্ল্যাসিক লাভ স্টোরি’র বিষয় থাকবে। দর্শক তাদের পুরনো দিনের পছন্দের কনটেন্টের মতো কিছু একটা পাবেন এ সিরিজ থেকে।
ইমতিয়াজ আলী একাই এ সিরিজের নির্মাতা, লেখক ও শো-রানার। সিরিজের প্রযোজনার কাজও তিনি করছেন। তবে তার সঙ্গে প্রযোজনায় থাকছেন মোহিত চৌধুরী। ইমতিয়াজ আলীর ভাই আরিফ আলী পরিচালনা করবেন ‘ও সাথি রে’। এর আগে আরিফ আলী নির্মাণ করেছিলেন ‘শি’। এদিকে লেখার কাজটিতে ইমতিয়াজকে সহযোগিতা করছেন অমোগ কনস্কর। ক্রিয়েটিভ প্রডিউসার হিসেবে আছেন নিধি সেঠিয়া।
সিরিজটি নিয়ে ইমতিয়াজ বলেন, ‘গল্পটা আমাকে বারবার চমৎকৃত করেছে। গল্পটা লিখতে গিয়ে প্রতিটা বাঁকে মনে হয়েছে অসাধারণ কিছু হচ্ছে। এটা একটা আধুনিক প্রেমের গল্প। মানে আধুনিক সময়ের প্রেমের গল্প। কিন্তু গল্পটা বলার ক্ষেত্রে পুরনো ধারাকে অনুসরণ করা হয়েছে। কোথাও হয়তো দর্শকের মনে হতে পারে রূপকথার গল্পই শুনছেন তারা। আবার সেখানে এ সময়ের শহরও দেখবেন। মেট্রোপলিটনেও যে রূপকথা হতে পারে, সেটা দর্শক হয়তো নতুন করে জানবেন।’
সিরিজটিতে থাকছেন অদিতি রাও হায়দারী ও অবিনাশ তিওয়ারী। দুজনই এ সময় বেশ আলোচনায় আছেন। তাদের ও পরিচালককে নিয়ে ইমতিয়াজ বলেন, ‘আরিফ দারুণ একটা কাস্ট নিয়েছে। অদিতি, অর্জুন, অবিনাশ সবাই অসাধারণ অভিনেতা। এ গল্পের জন্য তারা উপযুক্ত।’
নেটফ্লিক্স ইন্ডিয়ার প্রধান তানিয়া বামী বলেন, ‘আমরা একটা ভালোবাসার গল্প আনতে পেরে আনন্দিত। ইমতিয়াজের স্বভাবসিদ্ধ ভালোবাসা, সম্পর্ক, মানসিক টানাপড়েন থাকবে এ সিরিজে। আমার মনে হয়, এ গল্পের মধ্যে বেশ একটা নতুনত্ব আছে। প্রেমের গল্প অনেক বলা হয়েছে, কিন্তু এমন করে খুব একটা বলা হয়নি।’
সূত্র: ডেডলাইন










