সালাহ উদ্দিন লাভলুর ‘সোনার পাখি রূপার পাখি’ ধারাবাহিকে একসঙ্গে অভিনয় করেছিলেন আরফান আহমেদ, তাহমিনা সুলতানা মৌ ও নিলয় আলমগীর। এ ধারাবাহিকে অভিনয় করে দর্শক সাড়া পেয়েছিলেন তারা। যে কারণে পরবর্তী সময়ে দর্শক চাহিদা ছিল আবার একসঙ্গে তাদের কোনো নাটকে অভিনয়ের জন্য। কিছুটা দেরিতে হলেও দর্শকের সে প্রত্যাশা পূরণ করতে এগিয়ে এলেন তরুণ মেধাবী নাট্যনির্মাতা তানভীর তন্ময়। তিনিই এবার আরফান, মৌ, নিলয় ও হিমিকে নিয়ে নির্মাণ করলেন বিশেষ নাটক রক্তের বাঁধন। নাটকটি রচনা করেছেন আরেক গুণী নাট্যপরিচালক জুবায়ের ইবনে বকর। এরই মধ্যে রাজধানীর অদূরে গাজীপুরের হাসনা হেনা শুটিং হাউজে এ নাটকের শুটিং সম্পন্ন হয়েছে। পরিচালক তানভীর তন্ময় জানান, রক্তের বাঁধন একটি পারিবারিক গল্পের নাটক। নাট্যকার জুবায়ের ইবনে বকর বলেন, সংসারে ভাবি আসায় দুই ভাইয়ের মধ্যে দূরত্ব তৈরি করতে গিয়ে (আলাদা সংসার করার তাগিদে) শুধুই ভালোবাসার কারণে সে সংসারটা টিকে যায়। আসলে ভালোবাসাই জীবনে অনেক বড়।’ নাটকটিতে অভিনয় প্রসঙ্গে আরফান বলেন, ‘এ ধরনের গল্পে এখন নাটক নির্মাণ খুব কম হয়। অনেকদিন পর মৌ, নিলয়ের সঙ্গে কাজ করতে গিয়ে লাভলু ভাইয়ের ধারাবাহিক নাটকের সময়টা বার বার চোখে ভাসছিল। নিলয় অভিনয়ে আগের চেয়ে অনেক পরিপূর্ণ, হিমিও দারুণ অভিনয় করে। আমার সহশিল্পী মৌ সবসময়ই চমৎকার অভিনয় করে।’ মৌ বলেন, ‘এ নাটক প্রচারের অপেক্ষায় আছি আমি। কারণ গল্পটা দারুণ।’ নিলয় আলমগীর বলেন, ‘তানভীর মূলত একজন এডিটর। কিন্তু যখন কোনো ভালো গল্প তার কাছে আসে, তখন নির্মাণে আগ্রহ প্রকাশ করেন। রক্তের বাঁধন ঠিক তেমনি একটি গল্প। যে কারণে এ নাটকে অভিনয় করা। মূলত এ নাটকের গল্পটা ব্যতিক্রম এবং পরিচালক চেষ্টা করেছেন একটু ভিন্নভাবে গল্পটা তুলে ধরার। আমার বিশ্বাস নাটকটি দর্শক পছন্দ করবেন। আরফান ভাই, মৌ আপাসহ হিমির সঙ্গে একই টিমের হয়ে কাজ করেও ভীষণ ভালো লাগল। নাটকটি নিয়ে আমাদের সবারই প্রত্যাশা একটু বেশিই।’ হিমি বলেন, ‘একটু ব্যতিক্রম গল্পে কাজ করতে তো চাই-ই সবসময়। পারিবারিক গল্পের প্রতি দর্শকের আগ্রহ থাকে অন্য রকম। ভালোবাসা থাকলে যে সবকিছুকে এড়িয়ে পরিবারকে আগলে রাখা যায়, তাই এ নাটকে দেখানো হয়েছে।’ পরিচালক তানভীর তন্ময় জানান, নাটকটি শিগগিরই এলবিসি ইউটিউব চ্যানেলে প্রচার হবে।