আরণ্যক নাট্যদল মঞ্চায়ন করছে দর্শকনন্দিত নাটক ‘রাঢ়াঙ’। সাঁওতালদের অধিকার আদায়ের সংগ্রাম নিয়ে নাটকটি রচিত।

আজ সন্ধ্যায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার পরীক্ষণ থিয়েটার হলে দলের ৪৪তম প্রযোজনাটির মঞ্চায়ন হবে।

নাটকে দেখা যায়, সাঁওতাল সম্প্রদায়ের দরিদ্র জনগোষ্ঠীর নিত্যদিনের হালচালে মলিন বেশভূষা। নিরীহ মুখাবয়বে যেন রাজ্যের হাহাকার। খেয়ে না খেয়ে সভ্য সমাজের মানুষের সঙ্গে তাল মিলিয়ে কোনোভাবে বেঁচে থাকা। নিজেকে টিকিয়ে রাখার লক্ষ্যে প্রত্যেক সাঁওতাল প্রায় এক প্রকার যুদ্ধে লিপ্ত। অধিকার আদায়ে বিদ্রোহ দানা বেঁধে ওঠে প্রান্তিক সাঁওতালদের মাঝে। তবে এটা শুধু নিছক বিদ্রোহ ছিল না, অস্তিত্ব রক্ষার তাগিদে অধিকার আদায়ের এক গুরুত্বপূর্ণ লড়াই।

থানার দারোগা থেকে শুরু করে গ্রামের মাতব্বর, এমনকি অধিকার আদায়ে সচেষ্ট বিদ্রোহী তরুণরাও অস্তিত্ব সংকটে ভোগে। কেউ মারে, কেউ মরে, মায়ের আর্তনাদে কেঁপে ওঠে আকাশ, নির্মমতার জাঁতাকলে ভারি হয় বাতাস। এভাবেই এগিয়ে যায় নাটকের কাহিনী। ‘রাঢ়াঙ’ নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মামুনুর রশীদ, চঞ্চল চৌধুরী, আ খ ম হাসান, জয়রাজ প্রমুখ। নাটকটি রচনা করেছেন মামুনুর রশীদ, নির্দেশনাও দিয়েছেন তিনি।