প্রথম বড় কোনো পুরস্কার জিতলেন টিমোথি শ্যালামে। সোমবার তিনি জিতেছেন স্ক্রিন অ্যাক্টরস গিল্ড অ্যাওয়ার্ড। প্রতি বছরই পুরস্কারটি নিয়ে নানা মাধ্যমে আলোচনা হয়। গোল্ডেন গ্লোব, বাফটার সমপর্যায়ের ধরা হয় স্ক্রিন অ্যাক্টরস গিল্ড অ্যাওয়ার্ডকে। সেখানেই সেরা অভিনেতার পুরস্কার পেলেন টিমোথি। বব ডিলানের বায়োপিক ‘আ কমপ্লিট আননোন’-এ অভিনয় করে এ পুরস্কার পেয়েছেন তিনি। পুরস্কার পাওয়ার পর টিমোথি জানান, তিনি সেরাদের সেরা হতে চান। এটাই তার স্বপ্ন।
পুরস্কার হাতে নিয়ে টিমোথি বলেন, ‘আমি জানি, আমরা নির্দিষ্ট কাজ নিয়ে থাকি। কিন্তু আমি সেখানে সেরা কাজগুলো করতে চাই। নিজেও সেরা হতে চাই। সেরা হওয়ার যাত্রায়ই আছি। এটাও জানি যে সবাই এভাবে চিন্তা করে না। কিন্তু স্পষ্ট করেই বলি, আমি সেরাদের সেরা হতে চাই।’
সেরাদের মধ্যে নিজেকে দেখতে চাওয়ার বিষয়টা টিমোথির জন্য বিশেষ। কেননা তিনি মহৎ অভিনেতাদের দেখেই অনুপ্রাণিত হয়েছেন। এ নিয়ে টিমোথি বলেন, ‘আমি নিজেই সেরা অভিনেতাদের দ্বারা অনুপ্রাণিত হয়েছি। তাদের মধ্যে ড্যানিয়েল ডে লুইস, মার্লন ব্র্যান্ডো, ভায়োলা ডেভিড যেমন আছেন, তেমনি আছেন মাইকেল জর্ডান, মাইকেল ফেল্পস প্রমুখ। আমার স্বপ্ন হলো লোকে আমাকে তাদের সারিতে দেখবে।’
পুরস্কারটি পাওয়ার মধ্য দিয়ে সে যাত্রায় এক ধাপ এগোলেন তিনি। এ নিয়ে টিমোথি বলেন, ‘আমি অত্যন্ত কৃতজ্ঞ। এ পুরস্কারের মধ্য দিয়েই আমি সেরা হয়ে গেলাম না, কিন্তু সে যাত্রার পাথেয় হিসেবে কাজ করবে এটি। পুরস্কারের জন্য তাই ধন্যবাদ।’পুরস্কার নিয়ে কেবল নিজের স্বপ্ন বিষয়েই কথা বলেননি তিনি। ছিল আরো কিছু বিষয়। টিমোথি তার মাকে স্মরণ করেছেন। তিনি অ্যাক্টরস ইকুইটিতে প্রায় ৪০ বছর কাজ করেছিলেন।
বব ডিলানের বায়োপিকে অভিনয় করতে গিয়ে নিজেকে পুরোপুরিই ঢেলে দিয়েছেন টিমোথি। তিনি বলেন, ‘বব ডিলান একজন সত্যিকার আমেরিকান নায়ক। আমি যতটা পারি নিজেকে ঢেলে দিয়ে এ চরিত্রে অভিনয় করেছি। তাকে নতুন করে আবিষ্কার করেছি। পাশাপাশি মনিকা, এডওয়ার্ডসহ অন্য সবার সঙ্গে কাজ করার অভিজ্ঞতাও দারুণ। সবাই নিজেদের সর্বোচ্চটা দিয়ে কাজ করেছেন। আমি সবার প্রতিই কৃতজ্ঞ।’
টিমোথি প্রায় তিন বছর ধরে আলোচিত তরুণ অভিনেতা। ‘ডুন’ থেকে তা বেড়েছে। ধারণা করা হচ্ছে, এবার তিনি অস্কার পেয়েও যেতে পারেন।
সূত্র: ভ্যারাইটি










