জনপ্রিয় কণ্ঠশিল্পী দিলশাদ নাহার কণা। ২০২৪ সালটা ছিল তার ক্যারিয়ারের অন্যতম আলোচিত বছর। গত বছর তার কণ্ঠের গান ‘দুষ্টু কোকিল’ দেশ-বিদেশে ব্যাপক আলোচনায় আসে। এ গান দিয়েই স্টেজ শোতে নতুনরূপে ফিরেছেন কণা। দেশের যেখানেই স্টেজ শো হচ্ছে, সেখানেই শুরুতেই শ্রোতা-দর্শকের চাহিদা থাকছে কণাকে ঘিরে। সবাই কণাকেই নেয়ার চেষ্টা করছেন তাদের শোগুলোয়। গত বছরের শেষ প্রান্তে এসেও কণা দেশজুড়ে স্টেজ শোতে ছিলেন ভীষণ ব্যস্ত। বিশেষত বছরের শেষ প্রান্তে এসে সিলেট ক্যাডেট কলেজের নবম রিইউনিয়নে ক্যাডেটদের গানে গানে মুগ্ধ করে তোলেন। কণার গান ক্যাডেটরা নেচেগেয়ে উপভোগ করেন। পরদিন কণা চলে যান নারায়ণগঞ্জে। সেখানেও স্টেজ শোতে উপস্থিত হাজার হাজার দর্শককে মুগ্ধ করেন। গত বছরের শেষ শোটি ছিল কক্সবাজারে। থার্টি ফার্স্ট নাইটে সবাই কণার অনবদ্য গায়কিতে মুগ্ধ হয়।
গত বছর ও নতুন বছর প্রসঙ্গে কণা বলেন, ‘আলহামদুলিল্লাহ গত বছরটা ভালোমন্দ সব মিলিয়ে বেশ ভালো কেটেছে। যদিওবা দুষ্টু কোকিল গানটি বছরের মাঝামাঝি সময়ে এসে আমার ভক্ত-শ্রোতা-দর্শকের মধ্যে ভীষণ ভালো লাগার সৃষ্টি করেছে। এ গান আমার গানের ক্যারিয়ারের জন্য আশীর্বাদও বলা চলে। আমি সবসময়ই মৌলিক গান প্রকাশে ভীষণ চুজি ও মনোযোগী। সিনেমার গানেও আমার ভাগ্যটা বেশ ভালো। যে কারণে স্টেজ শোতে একের পর এক মৌলিক গান গাওয়ার মতোই গান আছে আমার। শিল্পী হিসেবে এটাই আমার অনেক ভালো লাগার। আমি কৃতজ্ঞ আমার ভক্ত-দর্শকের কাছে, কারণ তারা সবসময়ই আমার পাশে ছিলেন, আছেন এবং আমার বিশ্বাস আগামীতেও থাকবেন। আশা করছি, ২০২৫ সালটাও ভালো কাটবে। কারণ আরো ভালো কিছু মৌলিক গান প্রকাশের ইচ্ছে রয়েছে।’ এদিকে সম্প্রতি প্রকাশিত ওয়েব সিরিজ রায়হান রাফি পরিচালিত ব্ল্যাক মানিতে কণার গাওয়া ‘প্রেমের দোকানদার’ গানটিও বেশ আলোড়ন সৃষ্টি করেছে।










