দক্ষিণের অভিনেত্রী জ্যোতিকা শ্রাবণ। তিনি জ্যোতিকা নামেই বেশি পরিচিত। বহু ব্যবসাসফল ও জনপ্রিয় সিনেমার নায়িকা জ্যোতিকা এখন অভিনয় কম করছেন। সংসারেই সময় দিচ্ছেন বেশি। স্বামী সুরিয়াও দক্ষিণের সুপারস্টার। সম্প্রতি জ্যোতিকা জানালেন, সিনেমাকে ঘরের বাইরে রাখতে পছন্দ করেন এ দম্পতি। ঘরে ফিরে পরিবার নিয়েই ব্যস্ত থাকেন। সম্প্রতি নেটফ্লিক্সে আসছে তার অভিনীত সিরিজ ‘ডাব্বা কার্টেল’। এর প্রচারণা নিয়েই কথা হয় স্ক্রিনের সঙ্গে। সেখানে এসব কথা বলেন তিনি।
জ্যোতিকার সিনেমাযাত্রা নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘এটাকে আমি সে রকম বিশেষ কিছু বলে মনে করি না। সময়ের সঙ্গে পরিণত হয়েছি কেবল। যখনই মনে হয়েছে আরো পরিণত হওয়া প্রয়োজন, তখন ভিন্ন ভাষার সিনেমার দিকে গিয়েছি। গত এক দশকে সবসময় চেষ্টা করেছি, নিজের তুলনায় ভিন্ন কোনো চরিত্রে অভিনয় করতে। এমন চরিত্র, যা সাধারণ মানুষের সঙ্গে মেলে।’
জ্যোতিকা ও সুরিয়া দুজনই সুপারস্টার। তাদের সংসার জীবন কেমন এমন প্রশ্নের উত্তরে বলেন, ‘আমার মনে হয়, আমরা দুজনই আমাদের তারকা পরিচয় দরজার বাইরে রেখে ঘরে ঢুকি। সেখানে আমরা কেবল আমাদের সন্তানদের বাবা-মা। আমরা সন্তানদেরই সময় ও প্রাধান্য দিই। সকালে ভাবতে হয় ওদের টিফিনবক্স নিয়ে। আসলে ওরাও আমাদের ডাব্বা (টিফিন বক্স বা বয়াম)। একজন সকাল ৬টায় যায়, তো আরেকজনের জন্য খাবার যায় দুপুর ১২টায়। তাই পুরোটা সময় এসব নিয়েই ভাবনা থাকে।’
সিরিজের নামও ডাব্বা কার্টেল। সে কারণেই ডাব্বা নিয়ে কথা বলছিলেন জ্যোতিকা। নতুন এ সিনেমা নিয়ে তাকে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘সিনেমাটির প্রতিটি বিষয়ই গুরুত্বপূর্ণ ও বিশেষ ছিল আমার জন্য। প্রথমত এর প্রযোজক এক্সেল এন্টারটেইনমেন্ট বেশকিছু ভালো সিনেমা ও সিরিজ উপহার দিয়েছে। কনটেন্টটাও আমার কাছে ভালো লেগেছে।’
সিরিজে জ্যোতিকার অন্যতম সহশিল্পী শাবানা আজমী। এ বিষয়ও তাকে ডাব্বা কার্টেলের প্রতি আগ্রহী করে তুলেছিল। জ্যোতিকা বলেন, ‘আমার মনে হয়, তার সঙ্গে অভিনয় করা, স্ক্রিন শেয়ার করার সুযোগ পেলে কেউই দ্বিতীয়বার চিন্তা করবেন না। সুযোগটা লুফে নেবেন। এ সিরিজে অভিনয় করতে গিয়ে আমি তার কাছ থেকে অনেক কিছুই শিখেছি।’
কেবল শাবানা আজমীই নন, এ সিরিজের আরেকজন অভিনেত্রী নিমিশা সাজায়ান সম্পর্কেও তিনি প্রশংসা করেন। জ্যোতিকা বলেন, ‘দ্য গ্রেট ইন্ডিয়ান কিচেন সিনেমায় নিমিশার অভিনয় দেখে মুগ্ধ হয়েছি। দক্ষিণের একজন সহঅভিনেত্রীর সঙ্গে হিন্দি সিরিজে অভিনয় করার অভিজ্ঞতাও তাই বিশেষ হয়ে উঠেছে।’
জ্যোতিকা তার ক্যারিয়ার শুরু করেন হিন্দি সিনেমা দিয়ে। এরপর দক্ষিণের, বিশেষত তামিল সিনেমায় বেশি সময় দেন। নিজের কোন সিনেমা জ্যোতিকার বেশি পছন্দ, এমন প্রশ্নের উত্তরে বলেন, ‘অনেক ধরনের চরিত্র তো করেছি, তবে আমার মনে হয় ‘‘মোয়ি’’ আমার জন্য বিশেষ। আমি সেখানে একজন বাকশক্তিহীন মেয়ের চরিত্রে অভিনয় করেছিলাম।’
সূত্র: দি ইন্ডিয়ান এক্সপ্রেস










