অভিনেত্রী রাশমিকা মানদানা ও অভিনেতা বিজয় দেবরকোন্ডার সম্পর্ক নিয়ে গুঞ্জন চলছিল। এবার জানা গেল, তারা বাগদান সম্পন্ন করেছেন। তবে লোকসমক্ষে তা করেননি। গোপনে করেছেন। অনুষ্ঠান গোপনে করলেও বিষয়টি গোপন রাখেননি। গতকাল ভারতীয় বিভিন্ন গণমাধ্যমকে বাগদানের তথ্য নিশ্চিত করেছে বিজয়ের টিম। এ জুটি এখনো বাগদানের কোনো ছবি প্রকাশ করেননি। তবে জানা গেছে, হায়দরাবাদে বিজয়ের বাসভবনে ঘনিষ্ঠ পারিবারিক পরিবেশে বাগদান অনুষ্ঠিত হয়।
রাশমিকা ও বিজয়ের সম্পর্ক নিয়ে গুঞ্জনের সূচনা হয়েছিল ২০১৮ সালে। তখন তারা একসঙ্গে অভিনয় করেন সুপারহিট রোমান্টিক ড্রামা ‘গীতা গোবিন্দম’-এ। সে সময় রাশমিকা কিরিক পার্টি সিনেমার সহ-অভিনেতা রক্ষিত শেঠির সঙ্গে বাগদান সেরেছিলেন। রাশমিকা ও রক্ষিতের বাগদান হয়েছিল ২০১৭ সালের জুলাইয়ে।
গীতা গোবিন্দমে রাশমিকা ও বিজয়ের অন স্ক্রিন রসায়ন দর্শকের মধ্যে তাৎক্ষণিক জনপ্রিয়তা পেয়েছিল। রাশমিকা বা বিজয় কখনই প্রকাশ্যে তাদের সম্পর্ক স্বীকার করেননি। তবু আগ্রহী দর্শক-ভক্তরা প্রায়ই একই স্থানে তাদের ছুটি কাটানোর বিষয়টি মিলিয়েছেন। বিশেষত নতুন বছর উদযাপনে তারা যে একক ছবি পোস্ট করেছিলেন তার ব্যাকগ্রাউন্ড থেকে মিল খুঁজে পেয়ে ভক্তরা নিশ্চিত হন, তারা হয়তো একসঙ্গে সময় কাটাচ্ছেন। এসব জল্পনার মাঝেও তারা সম্পর্ক নিয়ে মুখ খোলেননি। বহু বছর ধরে ব্যক্তিগত জীবন আড়াল রাখার পর, দুজনই পরে স্বীকার করেন যে তারা ‘সিঙ্গেল’ নন, যদিও তাদের সঙ্গীদের নাম কখনই প্রকাশ করেননি। তবে এবার আর রাখঢাক রইল না।
সূত্র: দি ইন্ডিয়ান এক্সপ্রেস










