চলচ্চিত্র দুনিয়ার সবচেয়ে জৌলুসময় আয়োজন অস্কার আসরে মার্কিন ছবির একক আধিপত্যের দিন বোধহয় শেষ হওয়ার পথে। অস্কারের ৯২ বছরের দীর্ঘ পথচলায় এই প্রথমবার ইংরেজি ভাষার বাইরে ভিনদেশী চলচ্চিত্র হিসেবে দক্ষিণ কোরিয়ার প্যারাসাইট সেরা ছবির পুরস্কার ছিনিয়ে নিয়ে সে কথাই যেন প্রমাণ করে দিল। অবিশ্বাস্য ইতিহাস সৃষ্টিকারী ছবিটি এ বছর গুরুত্বপূর্ণ চারটি বিভাগে একাডেমি অ্যাওয়ার্ড অর্জন করেছে। অন্যদিকে সর্বাধিক মনোনয়ন পেয়েও খুব একটা সুবিধা তৈরি করতে পারেনি জোকার। তবে কোনো সংশয় ছাড়াই সেরা অভিনেতার পুরস্কারটি পেয়েছেন জোকিন ফিনিক্স। আর নেটফ্লিক্স প্রযোজিত ছবি এ বছর ২৪টি বিভাগে মনোনয়ন পেলেও পুরস্কারপ্রাপ্তির ক্ষেত্রে ভরাডুবির সম্মুখীন হয়েছে, মাত্র দুটি পুরস্কার গেছে প্রতিষ্ঠানটির ঘরে। গতকাল বাংলাদেশ সময় সকাল ৭টায় লস অ্যাঞ্জেলেসের ডলবি থিয়েটার হলে ৯২তম অস্কার আসরের পুরস্কারপ্রাপ্তদের নাম ঘোষণা করে একাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস।

স্বর্গের প্যারাসাইট

প্যারাসাইট-এর নির্মাতা বং জুন-হো সেরা পরিচালক বিভাগে স্যাম মেন্ডেজের সঙ্গে প্রতিযোগিতা করেছিলেন। তাকে হারিয়ে প্যারাসাইট নির্মাতা সেরা পরিচালকসহ সেরা মৌলিক চিত্রনাট্যের পুরস্কার জিতে নেন। প্যারাসাইট ভিন্ন দুটি শ্রেণীর দুই পরিবারের ওপর নির্মিত স্যাটায়ারধর্মী চলচ্চিত্র। যেখানে একটি পরিবার দারিদ্র্যের মধ্যে এবং অন্যটি বিলাসবহুল জীবন যাপন করে। একাডেমি পুরস্কারের ৯২ বছরের ইতিহাসে এর আগে কখনই সাবটাইটেলযুক্ত বা ইংরেজি ভাষার বাইরের কোনো ছবি সেরা চলচ্চিত্রের পুরস্কার জিতেনি। পুরস্কারপ্রাপ্তি নিয়ে নির্মাতা বং জুন-হো বলেন, ‘পুরো বিষয়টি আমার কাছে স্বপ্নের মতো। সবকিছুকেই কেমন পরাবাস্তব মনে হচ্ছে।’

এ বছর অস্কারে সবচেয়ে বেশিসংখ্যক পুরস্কারজয়ী চলচ্চিত্রগুলো হলোপ্যারাসাইট (৪), ১৯১৭-(৩), ফোর্ডস ভার্সেস ফেরারি (২), জোকার (২) ও ওয়ান্স আপন আ টাইম ইন হলিউড (২)।

জোকিন ফিনিক্স: ‘আমি নিষ্ঠুর ছিলাম’

জোকার ছবিতে অসাধারণ অভিনয় করে সেরা অভিনেতার পুরস্কার জিতে নেন অভিনেতা জোকিন ফিনিক্স। এ সময় তিনি বলেন, ‘কণ্ঠস্বরহীনকে কণ্ঠ’ দেয়ার ক্ষমতা একজন অভিনেতার রয়েছে। বিশ্বের সার্বিক অবস্থা সম্পর্কে সবাইকে আন্তরিক বার্তা দিতেই মূলত ফিনিক্স একথা বলেন। ‘আমি আমার জীবনে একসময় নিষ্ঠুর ছিলাম। কাজ করার জন্য মাঝে মধ্যে কঠোর হয়েছি। কিন্তু এখানে যারা আজকে উপস্থিত আছেন, তাদের অনেকেই আমাকে দ্বিতীয়বার সুযোগ দিয়েছেন’—তিনি বলেন।

লরা ডার্নের জন্মদিনের সেরা উপহার

নিজের ৫৩তম জন্মদিনের ঠিক একদিন আগে অভিনেত্রী লরা ডার্ন জিতে নেন সেরা পার্শ্ব অভিনেত্রীর পুরস্কার। ম্যারিজ স্টোরিতে বিবাহ বিচ্ছেদবিষয়ক আইনজীবীর চরিত্রে অভিনয় করে এ পুরস্কার পান লরা। লরার মা অভিনেত্রী ডায়ন ল্যাড তিনটি একাডেমি পুরস্কারের জন্য মনোনীত হন এবং বাবা ব্রুস ডার্ন দুবার মনোনয়ন পেয়ে ব্যর্থ হন।

বিজয়ীদের সংক্ষিপ্ত তালিকা:

সেরা ছবি: প্যারাসাইট

সেরা অভিনেত্রী: রেনে জেলওয়েগার (জুডি)

সেরা অভিনেতা: জোকিন ফিনিক্স (জোকার)

সেরা পার্শ্ব অভিনেত্রী: লরা ডার্ন (ম্যারিজ স্টোরি)

সেরা পার্শ্ব অভিনেতা: ব্রাড পিট (ওয়ান্স আপন আ টাইম ইন হলিউড)

সেরা পরিচালক: বং জুন-হো (প্যারাসাইট)

সেরা মৌলিক চিত্রনাট্য: বং জুন-হো ও হ্যান জিন ওন (প্যারাসাইট)

সেরা অ্যাডাপ্টেড চিত্রনাট্য: জোজো র্যাবিট (তাইকা ওয়াতিতি)

সেরা পূর্ণদৈর্ঘ্য অ্যানিমেটেড চলচ্চিত্র: টয় স্টোরি ফোর

সেরা পূর্ণদৈর্ঘ্য প্রামাণ্যচিত্র: আমেরিকান ফ্যাক্টরি

সেরা আন্তর্জাতিক চলচ্চিত্র: প্যারাসাইট, দক্ষিণ কোরিয়া

সেরা সংগীত: এলটন জন ও বার্নি টাওপিন (লাভ মি অ্যাগেইন-রকেটম্যান)

সেরা আবহসংগীত: হিল্ডার গুনাদোতের (জোকার)

সেরা সিনেমাটোগ্রাফি: রজার ডেকিন্স (১৯১৭)

সেরা ছবি সম্পাদনা: মাইকেল ম্যাকাস্কা ও অ্যান্ড্রু বকল্যান্ড (ফোর্ড ভার্সেস ফেরারি)