অভিনেতা টম হিডেলস্টোন ফিরছেন মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সে। তাকে সর্বশেষ দেখা গিয়েছিল মার্ভেলের সিরিজ ‘লোকি’তে। এ সিরিজ শেষ হওয়ার মধ্য দিয়ে মনে হয়েছিল টমের মার্ভেলযাত্রা শেষ। কিন্তু ‘অ্যাভেঞ্জার্স: ডুমসডে’ অনেক হিসাব-নিকাশ বদলে দিচ্ছে। এ সিনেমায় নিয়ে আসা হয়েছে মার্ভেলের বহু পুরনো অভিনেতা অভিনেত্রীকে। থাকছেন টম হিডেলস্টোনও। সম্প্রতি তিনি এ বিষয়ে জানালেন, মার্ভেলে তার সময় এখনো শেষ হয়নি।
টম হিডেলস্টোন সাক্ষাৎকার দিয়েছেন কমিকবুককে। সেখানে তিনি জানালেন, রুশো ব্রাদার্সের সঙ্গে এ সিনেমায় কাজ করার বিষয়টি নিয়ে। টম বলেন, ‘আমি খুবই উচ্ছ্বসিত। আরো ভালো লাগছে যে এখন বিষয়টা নিয়ে আমি সরাসরি কথা বলতে পারছি। জানাতে পারছি যে সিনেমায় আমি লোকি চরিত্রেই অভিনয় করছি। আমার ক্যারিয়ারে এ চরিত্র বিশেষ হয়ে উঠেছে। এটা আসলেও আমার জীবনের অসাধারণ একটা অধ্যায় আর সেটা চলমান। মার্ভেলে আমার সময় এখনো শেষ হয়নি।’
লোকি চরিত্রে টম প্রথম অভিনয় করেন ২০১১ সালে। কেনেথ ব্রানা অভিনীত ‘থর’ সিনেমায় তাকে এ চরিত্রে দেখা যায়। এরপর ২০১২ সালে ‘দি অ্যাভেঞ্জার্স’, ২০১৩ সালে ‘থর: দ্য ডার্ক ওয়ার্ল্ড’, ২০১৫ সালে ‘অ্যাভেঞ্জার্স: এজ অব আল্ট্রন’, ২০১৭ সালে ‘থর র্যাগনারক’, ২০১৮ সালে ‘অ্যাভেঞ্জার্স: ইনফিনিটি ওয়ার’, ২০১৯ সালে ‘অ্যাভেঞ্জার্স: এন্ডগেম’ ও ২০২৩ সালে ‘অ্যান্ট ম্যান অ্যান্ড দ্য ওয়াস্প: কোয়ান্টোমেনিয়া’য় অভিনয় করেছেন। তবে তার চরিত্রের বাঁক বদল হয় ২০২৩ সালে স্ট্রিম হওয়া ‘লোকি সিজন টু’ থেকে।
হিডেলস্টোন এবার ডুমসডেতে নতুন ক্যারেক্টার আর্কে ফিরবেন কিনা তা নিশ্চিত নয়। তবে লোকির নতুন ধারার চরিত্র ও টম হিডেলস্টোন, উভয় কারণেই সিনেমায় তার চরিত্রের প্রতি দর্শকের আগ্রহ থাকবে। এছাড়া ডুমসডেতে যুক্ত হচ্ছেন আরো অনেক অভিনেতা ও চরিত্র। সব মিলিয়ে বেশ জমজমাট অবস্থা। সিনেমাটি মুক্তি পাবে ২০২৬ সালের ১ মে।
সূত্র: ভ্যারাইটি










