শাকিব খান আবারো ফিরছেন নতুন চমক নিয়ে। তার আসন্ন চলচ্চিত্র সোলজার ঘিরে এরই মধ্যে শুরু হয়েছে তুমুল আলোচনা। সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে গণমাধ্যম সর্বত্র চলছে নানা জল্পনা, গুঞ্জন আর বিশ্লেষণ। চলচ্চিত্রটি প্রযোজনা করছে সান মিউজিক অ্যান্ড মোশন পিকচারস লিমিটেড আর পরিচালনায় আছেন তরুণ নির্মাতা সাকিব ফাহাদ। এরই মধ্যে শুরু হয়ে গেছে শুটিং। সংশ্লিষ্টরা জানাচ্ছেন, সবকিছু পরিকল্পনামতো চললে সোলজার বাংলা চলচ্চিত্রে এক নতুন অধ্যায় সূচনা করতে পারে।
এরই মধ্যে গতকাল প্রকাশ হয়েছে সোলজারের ফার্স্টলুক ট্রেলার। মাত্র ৩৩ সেকেন্ডের এ ট্রেলারে শাকিব খানকে দেখা গেছে সম্পূর্ণ নতুন এক রূপে। এবার তিনি কেবল তারকা নন, যেন সাধারণ মানুষের প্রতিনিধি হিসেবে ধরা দিয়েছেন। ট্রেলারের শুরুতেই দেখা যায়, ঘড়ির কাঁটার সঙ্গে বাংলাদেশের পতাকা যার ওপর দিয়ে উড়ে যাচ্ছে হেলিকপ্টার। এরপর তীব্র অ্যাকশন দৃশ্য, শেষে আবির্ভূত হন শাকিব খান। তার কণ্ঠে শোনা যায় একটি মাত্র সংলাপ, ‘তোমার জন্য দেশ, নাকি দেশের জন্য তুমি।’ ট্রেলার দেখে অনেকেই ধারণা করছেন, এটি একজন সৈনিকের গল্প হতে পারে।
তবে নির্মাতার ভাষ্যে, সোলজার কেবলই যুদ্ধ বা দেশপ্রেমের গল্প নয়, এটি নতুন বাংলাদেশের সেই সাহসী প্রজন্মের গল্প; যারা অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ায়, অধিকার আদায়ে সোচ্চার হয় এবং দেশের জন্য কিছু করতে চায়।
পরিচালক সাকিব ফাহাদ বলেন, ‘আমরা চাইছি, শাকিব ভাই যেন দেশের সাধারণ মানুষের প্রতিনিধি হয়ে উঠুন। যাদের চিন্তা, যন্ত্রণা আর স্বপ্নের প্রতিচ্ছবি সোলজারে ফুটে উঠবে। দিনশেষে আমাদের গল্পটা আশার। আমরা জাতি হিসেবে যত সংকটে পড়ি না কেন, আশাবাদী থাকি, সেই বার্তাই থাকবে সোলজারে।’
শাকিব খান নিজেও চরিত্রটি নিয়ে বেশ উচ্ছ্বসিত। তিনি বলেন, ‘আগ বাড়িয়ে বলতে চাই না যে একদম আলাদা শাকিব খান দেখতে পাবেন আপনারা। তবে এটুকু বলতে পারি, এমন গল্পে আমি আগে কখনো কাজ করিনি। এ গল্প দর্শককে ভাবাবে, অনুপ্রাণিত করবে। নিজের ভেতরের সোলজারকে চিনে নিতে সাহস দেবে।’
ঈদকেন্দ্রিক মুক্তির ধারা ভেঙে সোলজার আসছে ঈদ ছাড়াই। পরিচালক সাকিব ফাহাদ মনে করেন, ‘আমাদের ইন্ডাস্ট্রি ঈদকেন্দ্রিক হয়ে গেছে। ভালো সিনেমা যদি অন্য সময়ও মুক্তি পায়, তাহলে হল মালিক থেকে ডিস্ট্রিবিউটর সবাই উপকৃত হবেন। আমরা সে সাহসী উদ্যোগই নিচ্ছি।’
এ সিনেমায় শাকিব খানের বিপরীতে অভিনয় করছেন তানজিন তিশা। আরো রয়েছেন তারিক আনাম খান, তৌকীর আহমেদ, এবিএম সুমন, জান্নাতুল ফেরদৌসসহ আরো অনেকে।










