মুক্তির প্রহর গুনছে পুষ্পা: দ্য রুল। আল্লু অর্জুন অভিনীত সিনেমাটি মুক্তি পাচ্ছে আগামী ৫ ডিসেম্বর। এ সিনেমার জন্য দীর্ঘদিন অপেক্ষা করে আছে তার দর্শক। পুষ্পা এতটা হিট হয়েছিল যে পুষ্পা টুর জন্য দর্শকের দীর্ঘ অপেক্ষা। সে অপেক্ষার প্রহর বেড়েছে কেবল। অবশেষে মুক্তি পাচ্ছে সিনেমাটি। কিন্তু এরই মধ্যে দর্শক মাতাচ্ছে সিনেমাটির একটি আইটেম সং। কিসিক শিরোনামের গানটিতে নেচেছেন মডেল-অভিনেত্রী শ্রীলীলা। গত কিছুদিন এ গান নিয়েই তোলপাড় হচ্ছে। অবশ্য আইটেম সংটি নিয়ে অনেক আগে থেকেই নানা আলোচনা হচ্ছিল। এবার শ্রীলীলা জানালেন তার পারিশ্রমিকের কথাও।

কিসিক গানে পারফর্ম করার জন্য শ্রীলীলা নিয়েছেন ২ কোটি রুপি। আগের গানের হিসাব করলে তিনি কমই নিয়েছেন। কেননা এর আগে পুষ্পার আইটেম সং ‘ও আন্তাভা’র জন্য সামান্থা রুথ প্রভু নিয়েছিলেন ৫ কোটি রুপি। তাও তিন বছর আগে। এবারো সিনেমাটির জন্য সামান্থাকেই আইটেম সংয়ে নিতে চেয়েছিলেন নির্মাতারা। কিন্তু সামান্থা তার অসুস্থতা ও অন্যান্য কারণে রাজি হননি। এরপর তারা শ্রদ্ধা কাপুরকে প্রস্তাব দিয়েছিলেন। কিন্তু শ্রদ্ধার পারিশ্রমিক তাদের বাজেটের বেশি ছিল।

শ্রীলীলা এরই মধ্যে ১০-এর অধিক সিনেমায় অভিনয় করেছেন। গ্ল্যামার ও নাচের পারফরম্যান্সে তিনি বেশ জনপ্রিয়। তাই তাকেই নেয়া হয় পুষ্পা টুর আইটেম গানে। তবে শুরুতে তিনি জানিয়েছিলেন পারিশ্রমিক বিষয়ে নির্মাতাদের সঙ্গে তার কোনো কথা হয়নি। তবে গান মুক্তির পর জানা গেল পারিশ্রমিক রহস্য। তবে এ কেবল শুরু। এরপর শ্রীলীলার জনপ্রিয়তা বাড়বে তা তো সবারই জানা।

সূত্র: হিন্দুস্তান টাইমস