ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাস। দুই বছর বিরতির পর বড় পর্দায় আবারো দর্শকের সামনে আসতে যাচ্ছেন। দুটি সিনেমার শুটিংয়ে ব্যস্ত সময় পার করছেন তিনি। এছাড়া তিনি বিভিন্ন প্রজেক্টেও ব্যস্ত রয়েছেন।

এবার নতুন খবর হলো, অপু বিশ্বাস নতুন একটি ওয়েব ফিল্মে কাজ করতে যাচ্ছেন। ফিল্মটির নাম ‘শিকার’। এতে প্রধান চরিত্রে অভিনয় করবেন তিনি। ওটিটি প্লাটফর্মের জন্য নির্মিত এ ফিল্মের পরিচালক কামরুজ্জামান রোমান। এরই মধ্যে ফিল্মটির প্রি-প্রডাকশনের কাজ শেষ হয়েছে এবং শিগগিরই শুটিং শুরু হবে।

এক বিজ্ঞপ্তিতে পরিচালক জানান, ‘অপুর সঙ্গে কাজ করতে গিয়ে আমরা একটি ভিন্নধর্মী গল্প তৈরি করেছি। গল্পটি দর্শককে নতুন অনুভূতি দেবে।’ তিনি আরো জানান, শিকারের শুটিং হবে নেপালে। আগামী মার্চে পুরো টিম নিয়ে সেখানে যাওয়া হবে এবং নেপালে সিনেমার বড় অংশের দৃশ্য ধারণ করা হবে।

নতুন এ ওয়েব ফিল্ম সম্পর্কে অপু বলেন, ‘কামরুজ্জামান রোমান খুবই মেধাবী একজন নির্মাতা। গল্প, নির্মাণ এ দুই দিকেই তিনি অনেক যত্ন নেন। গল্প যেমন আলাদা, পরিচালনায়ও তার দক্ষতা স্পষ্ট। আশা করি, সিনেমাটি দর্শকের ভালো লাগবে।’

ফিল্মের গল্প ও চিত্রনাট্য লিখেছেন আব্দুল্লাহ জহির বাবু। অপু বিশ্বাসের বিপরীতে অভিনয় করবেন অভিনেতা পলাশ। আরো বিভিন্ন চরিত্রে দেখা যাবে রাশেদ মামুন অপু, বড়দা মিঠুসহ আরো অনেককে। রেজা ফিল্মসের ব্যানারে নির্মিত হচ্ছে ‘শিকার’।

এদিকে অপু বিশ্বাস বর্তমানে বন্ধন বিশ্বাস পরিচালিত ‘সিক্রেট’ ও কামরুল হাসান ফুয়াদের ‘দুর্বার’ সিনেমার শুটিংয়ে ব্যস্ত রয়েছেন।