নিজের দুর্দান্ত অভিনয়ের মাধ্যমে নাসিরউদ্দিন শাহ দীর্ঘকাল ধরে দর্শকদের মোহিত করে রেখেছেন। থিয়েটার থেকে টেলিভিশন, সিনেমা থেকে ডিজিটাল প্ল্যাটফর্ম—সবখানেই অভিজ্ঞ এ অভিনেতা ক্রমাগত নিজেকে পরিবর্তিত সময়ের সঙ্গে খাপ খাইয়ে চলেছেন। সম্প্রতি এক সাক্ষাত্কারে নাসিরউদ্দিন শাহ বলেন, এখনো দর্শকদের জন্য তার দেয়ার অনেক কিছু আছে ভেবেই তিনি সকালে ঘুম থেকে ওঠেন।
৭০ বছর বয়সী এ অভিনেতা বলেন, ‘আমি মনে করি, এখনো আমার এমন অনেক কাজ বাকি আছে, যা অভিনেতা হিসেবে আমার এখনো করা হয়নি। দর্শকদের দেয়ার জন্য অনেক কিছুই আছে। আমি ভাগ্যবান যে মানুষ এখনো আমাকে দেখতে চায়। আমি ভাগ্যবান যে আমি আমার কাজকে ভালোবাসি। আমি অভিনয় পছন্দ করি। অভিনয়ের ব্যাপারটি আমাকে খুবই উত্তেজিত করে তোলে। উত্তেজনাটি আমি ব্যাখ্যা করতে পারব না। আমি মনে করি, যদি কখনো সকালে ঘুম থেকে উঠে দেখি যে আর অভিনয় করতে পারব না, তাহলে সম্ভবত আত্মহত্যা করব। অভিনয় ছাড়া জীবনে কী আর আছে?’
বিশিষ্ট এ অভিনেতা আরো যোগ করেন যে তিনি সর্বদা নবীন চলচ্চিত্র নির্মাতাদের সমর্থন করেছেন। তিনি বলেন, ‘আমি যখন নতুন নির্মাতাদের সঙ্গে পরিচিত হই, তখন আমি চিন্তা করি হাবিব তানভীর, গিরিশ করনাড, ওম পুরি, শ্যাম বেনেগাল, সত্যদেব দুবের মতো মানুষের কথা। আমি যখন ছোট ছিলাম, তখন তারা আমার জন্য উদাহণস্বরূপ ছিলেন। যখনই কোনো কঠিন সময় এসেছে অথবা উৎসাহের প্রয়োজন পড়েছে, তখন এ মানুষগুলো সবসময় আমাদের গাইড করেছেন। সম্ভবত তাদের জন্যই অন্ধকার দিনগুলোতেও আমরা আশাবাদী থেকেছি এবং নিজেদের সংগ্রাম অব্যাহত রেখে একজন ভালো অভিনেতা হতে পেরেছি। তাই আমি যখন নতুন অভিনেতা ও চলচ্চিত্র পরিচালকদের সঙ্গে কাজ করি, তখন তাদের এ গল্পগুলো বলে উৎসাহিত করার চেষ্টা করি।’
সূত্র: ডিএনএ










