নতুন বছর ঘিরে শোবিজ অঙ্গনে শুরু হয়েছে নতুন ভাবনা ও পরিকল্পনা। পুরনো বছরের অভিজ্ঞতা পেছনে রেখে সামনে এগিয়ে যেতে চান শিল্পীরা। ভালো ও মানসম্মত কাজের মাধ্যমে দর্শকের ভালোবাসা পাওয়াই তাদের প্রধান লক্ষ্য। কয়েকজন শোবিজ তারকা বণিক বার্তাকে জানিয়েছেন তাদের নতুন বছরের পরিকল্পনা ও প্রত্যাশার কথা। তাদের এ পরিকল্পনার কথা শুনেছেন অহিদুর রহমান

নতুন বছরে দর্শকদের প্রতি আমার অনুরোধ, হলে গিয়ে ছবি দেখুন। প্রযোজকদের বলব, বিনিয়োগ করুন। আর নির্মাতাদের প্রতি বলছি, শুধু মারামারি আর নেতিবাচকতা নয়, ভালো গল্পের সিনেমা বানান। নতুন বছর নিয়ে আমার বেশ বড় পরিকল্পনা আছে। ২০২৫ সাল দেশের পরিস্থিতির কারণে মূলত পরিকল্পনাতেই কেটেছে, শুটিং হয়নি। সবকিছু ঠিকঠাক হলে নতুন বছরে আমি টানা তিনটি কাজ করার ইচ্ছা রাখি। এগুলো আমার আগের কাজের চেয়ে আলাদা। এর মধ্যে দুটির প্রস্তুতি সম্পূর্ণ, শুধু শুটিং শুরু বাকি। তৃতীয় কাজটির শুটিং হবে বিদেশে, তাই প্রয়োজনীয় অনুমতির প্রক্রিয়া চলছে। নতুন বছরে নতুন ভাবনায় একটু বেশি মানুষ এবং ইমোশনভিত্তিক সিনেমা তৈরি করতে চাই। আমাদের ইন্ডাস্ট্রির কথা বলতে গেলে, সবচেয়ে বড় সমস্যা হলো হলের অভাব। শুধু দুই ঈদে ছবি হিট হলে ইন্ডাস্ট্রি টিকবে না। মাসে অন্তত দুই থেকে তিনটি মূলধারার ছবি মুক্তি দরকার। সারা বছর হল চালু না থাকলে ইন্ডাস্ট্রি দাঁড়াবে না।