গতকাল ১০ বিভাগে অস্কার মনোনয়নের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ হলো। এগুলোর প্রায় সবই টেকনিক্যাল ক্যাটাগরি। তবে ছিল ‘সেরা আন্তর্জাতিক ফিচার’ও। এ বিভাগের জন্য ভারত থেকে পাঠানো হয়েছিল কিরণ রাও পরিচালিত সিনেমা ‘লাপাতা লেডিজ’। কিরণরা এ সিনেমা নিয়ে বেশ প্রচারণা চালিয়েছিলেন। জোর গলায় বলেছিলেন, সিনেমাটি অস্কারের যোগ্য। কিন্তু সংক্ষিপ্ত তালিকায়ও জায়গা করতে পারল না। ভারতের সিনেমার ক্ষেত্রে এর আগেও এমন হয়েছে। সিনেমা বাছাইয়ে ভুল হয় বলে অনেক সমালোচক ও বিশেষজ্ঞ এর আগেও মত দিয়েছেন। এবার উঠে এসেছে অস্কারের জন্য সিনেমা বাছাইয়ের বোর্ডকে চাপ দেয়ার প্রসঙ্গ।
২০২৩ সালে ৯৫তম একাডেমি অ্যাওয়ার্ডসে সেরা মৌলিক গান নির্বাচিত হয় ‘নাটু নাটু’। ‘আরআরআর’ সিনেমার এ গান নিয়ে বেশ বড় পরিসরে প্রচারণা চালিয়েছিলেন সিনেমার পরিচালক এসএস রাজামৌলি। অনেকেই মনে করে থাকেন, এ প্রচারণাই এনে দিয়েছিল অস্কার। কিরণ রাও সে রকমই চেষ্টা করেছিলেন। লাপাতা লেডিজ মুক্তির পর অপ্রত্যাশিত সাফল্য পায়। ৫ কোটি রুপিতে নির্মিত সিনেমাটি ২৫ কোটি রুপি আয়ের পাশাপাশি দর্শকপ্রিয় হয়েছে। তা থেকে কিরণ রাও আত্মবিশ্বাসী হন এবং সিনেমা নিয়ে অস্কারের জন্য প্রচার করেন।
কিন্তু ভারতের জন্য এ বছর আরো বড় সুযোগ ছিল। পায়েল কাপাডিয়া পরিচালিত ‘অল উই ইম্যাজিন অ্যাজ লাইট’ এ বছর কান উৎসবে গ্র্যাঁ পিঁ পেয়েছিল। সিনেমাটিকে অস্কারে পাঠালে ‘সেরা আন্তর্জাতিক ফিচার’ বিভাগে পুরস্কার পাওয়ার ভালো সম্ভাবনা ছিল। কিন্তু অস্কারের জন্য তৈরি বোর্ড এ সিনেমা পাঠায়নি। সে সময়ই অনেকের ভ্রু কুঁচকে গিয়েছিল। এখন বলা হচ্ছে, বোর্ডের ওপর চাপ থাকারও সম্ভাবনা আছে।
২০১৫ সালে অস্কারের জন্য পাঠানো হয় আমির খানের ‘পিকে’। ওই বছর সিনেমা নির্বাচনের বোর্ডে ছিলেন অভিনেতা-পরিচালক অমল পালেকর। সে সময় বোর্ডের পছন্দ ছিল চৈতন্য তাহমানে পরিচালিত সিনেমা ‘কোর্ট’। তবে সে সিনেমা অস্কারে পাঠানো হয়নি।
এ নিয়ে অমল পালেকর জানান, তারা ‘কোর্ট’ নিয়েই ইতিবাচক মনোভাবে ছিলেন। কিন্তু তাদের ওপর বলিউড লবির চাপ ছিল অন্য সিনেমাকে অস্কারে পাঠানোর ব্যাপারে। ল্যালানটপের সঙ্গে এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আমি সে সময় প্রেসের সামনে বিষয়টি আনতে চেয়েছিলাম। কিন্তু আমাকে নানাভাবে বাধা দেয়া হয়েছিল। চেতন্য তাহমানের কোর্টকে আমরা অস্কারে পাঠাতে পারিনি। আরো একটি দক্ষিণ ভারতীয় সিনেমা আমাদের বিবেচনায় ছিল। কিন্তু একজন তারকা আমাদের চাপ দেন। অথচ তার সিনেমাটি কোনোভাবেই এ প্রতিযোগিতার উপযোগী ছিল না।’
অমল পালেকর সে তারকার নাম প্রকাশ করেননি। কিন্তু ভারতীয় গণমাধ্যমে অনেকেই বলছেন সে তারকা আসলে আমির খান। এ বছর লাপাতা লেডিসেরও প্রযোজক আমির খান। সে কারণে গুঞ্জন আরো ডালপালা মেলেছে।
সূত্র ও ছবি: টাইমস অব ইন্ডিয়া










