সাইফ আলী খানের ছবি জাওয়ানি জানেমান গত শুক্রবার প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। জাওয়ানি জানেমান মুক্তির পর অনেকেই প্রশ্ন তুলেছেন, ছবিটিতে কেন সাইফের সঙ্গে তার মেয়ে সারা আলী খানকে অভিনয় করতে দেখা গেল না। যদিও এ নিয়ে সাইফ পরিষ্কার বলেছেন, তিনি খুবই খুঁতখুঁতে এবং এরই মধ্যে তিনি ও তার মেয়ে সারাকে একসঙ্গে অভিনয়ের জন্য পাঁচটি ছবির প্রস্তাব দেয়া হয়েছিল।

পর্দায় সাইফ-সারা অর্থাৎ বাবা-মেয়ের একসঙ্গে অভিনয় নিয়ে ইটি টাইমস-এর সঙ্গে এক সাক্ষাত্কারে সাইফ বলেছেন, ‘(বিষয়টি) নির্ভর করে রোলের ওপর। আসলে আমাদের কয়েকটি কাজের প্রস্তাব দেয়া হয়েছিল। আমাদের কাজের ধারাও সুবিধাজনক। হ্যাঁ, মানুষ আমাদের কাছে জানতে চেয়েছে। পাঁচটি ছবিতে আমাদের একসঙ্গে অভিনয়ের প্রস্তাব দেয়া হয়েছে। এক বা একাধিক কারণে সেগুলো করা হয়ে ওঠেনি। আসলে আমাদের উভয়ের কাছে ছবির আবেদন থাকতে হবে। আর হ্যাঁ, আমরা এমন কাজ করি ও করা উচিত, যা নিয়ে আমরা দুজনই আগ্রহী।’

এদিকে সাক্ষাত্কারে সাইফ আরো জানিয়েছেন, যখন জাওয়ানি জানেমান ছবিতে সারাকে প্রস্তাব দেয়া হয়েছিল, ঠিক তখন তার প্রথম ছবি কেদারনাথ এগিয়ে চলছিল। এ সময় তার হাতে অন্য কোনো ছবিও ছিল না, যে কারণে সারা রাজি হয়েছিল এ প্রজেক্টে। কিন্তু সাইফ তাকে এতে যোগ দিতে না করেছিল। পরে অবশ্য সারা রণবীর সিংয়ের সঙ্গে সিম্বা ছবিতে নাম লিখিয়েছিল, যা কেদারনাথ মুক্তির এক মাসের মাথায় মুক্তি পায়।

ইটিকে সাইফ আরো স্পষ্ট করে বলেছেন, যেহেতু তার বোন, শ্যালক, শ্যালিকা, স্ত্রী ও মেয়ে ইন্ডাস্ট্রিতে রয়েছে, তাই তিনি তাদের কখনো বাস্তব জীবনের চরিত্রে দেখতে আগ্রহী নন। তবে ‘শুধু একবারই সারাকে কাস্ট করতে চেয়েছি অথবা তাকে কিছু দিতে চেয়েছি, যখন আমার কাছ থেকে তার কোনো সহায়তার প্রয়োজন ছিল। কিন্তু সাধারণভাবে বলতে গেলে, তার পথ আলাদা হওয়া উচিত। এখন যাদের সঙ্গে কাজ করছে, তাদের সঙ্গেই সারার কাজ করা উচিত। একই সঙ্গে কোনো ইস্যুতে আমাদের বিভ্রান্ত করা উচিত নয়’—বলেন সাইফ আলী খান।

 

সূত্র: ডিএনএইন্ডিয়া