দেশ ও আন্তর্জাতিক পর্যায়ে বিখ্যাত সব নাটক মঞ্চায়নে খ্যাতি অর্জন করেছে নাট্যসংগঠন স্বপ্নদল। সম্প্রতি নতুন নাট্যকর্মী খুঁজছে দলটি। এরই অংশ হিসেবে দলের নিয়মিত কার্যক্রমে অংশগ্রহণের জন্য তিন দিনব্যাপী ‘নাট্যকর্মশালা ২৬’ আয়োজন করে। এ আয়োজনের মাধ্যমে কিছুসংখ্যক নতুন নাট্যকর্মী নেয়া হবে। কর্মশালা ১৫-১৭ মে পর্যন্ত অনুষ্ঠিত হবে। স্বপ্নদলপ্রধান নাট্যজন জাহিদ রিপন কর্মশালায় প্রধান প্রশিক্ষক হিসেবে থাকবেন।
যারা একনিষ্ঠভাবে ঐতিহ্যের ধারায় গবেষণামূলক নাট্যচর্চায় আগ্রহী, তাদের স্বপ্নদল আন্তরিকভাবে আমন্ত্রণ জানাচ্ছে। এক্ষেত্রে নৃত্য, গীত, বাদ্যযন্ত্র বা চারুকলায় পারদর্শী ও নারীকর্মীদের অগ্রাধিকার থাকবে। ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা এইচএসসি বা সমমান। আগ্রহীদের অবশ্যই ১৩ মে-এর মধ্যে আবেদন করতে হবে।
প্রসঙ্গত, ঐতিহ্য অন্বেষণে শৈল্পিক শুদ্ধতা নিয়ে ২০০১-এ প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে এ পর্যন্ত বাংলা নাট্যরীতির ধারায় ১৮টি নানামাত্রিক প্রযোজনা মঞ্চে এনেছে স্বপ্নদল। এ দলে উল্লেখযোগ্য প্রযোজনাগুলো হলো ‘ত্রিংশ শতাব্দী’, ‘চিত্রাঙ্গদা’ (কাব্যনাট্য), ‘হরগজ’, ‘ডাকঘর’, ‘জাদুর প্রদীপ’ (মাইমোড্রামা), ‘ম্যাকবেথ’ (মাইমোড্রামা), ‘পদ্মগোখরো’, ‘স্পার্টাকাস’, ‘ফেস্টুনে লেখা স্মৃতি’, ‘হেলেন কেলার’ (মনোড্রামা), ‘স্বাধীনতা সংগ্রাম’ (মূকাভিনয়) প্রভৃতি। রবীন্দ্রনাথ, নজরুল, বাদল সরকার, সেলিম আল দীন, হাওয়ার্ড ফাস্ট, শেকসপিয়র ও মূকাভিনয় প্রযোজনার দুর্লভ সমাবেশ হয়েছে স্বপ্নদলে। এশিয়ার বৃহত্তম ও মর্যাদাপূর্ণ ভারতের রাষ্ট্রীয় নাট্যোৎসব ‘ভারত রঙ্গ মহোৎসব ২০১৫’ ও ‘ভারত রঙ্গ মহোৎসব ২০২৪’সহ ভারতের বেশকিছু নাট্যোৎসব, ইংল্যান্ডের লন্ডনে ইউরোপের স্বনামখ্যাত নাট্যোৎসব ‘আ সিজন অব বাংলা ড্রামা ২০১৫’, জাপানের সর্ববৃহৎ নাট্যোৎসব ‘ফেস্টিভ্যাল/টোকিও ২০১৮’ ও টোকিওস্থ বাংলাদেশ দূতাবাসের আমন্ত্রণে (২০১৮) দেশের বাইরে সফলভাবে নাট্যমঞ্চায়নের অনন্য সুযোগ হয়েছে স্বপ্নদলের। এছাড়া ডিজিটাল মাধ্যমে নানা সৃষ্টিশীল কর্মকাণ্ড অব্যাহত রাখার পাশাপাশি এরই মধ্যে স্বপ্নদল ১৪টি আন্তর্জাতিক অনলাইন/ভার্চুয়াল নাট্যোৎসবেও অংশগ্রহণ করেছে। এসব কর্মকাণ্ডের মধ্য দিয়ে আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলা নাট্যরীতি ও দেশের সম্মানকে উচ্চে তুলে ধরতে পেরেছে স্বপ্নদল।










