দক্ষিণ ভারতীয় অভিনেত্রী প্রিয়ামণি। তবে তিনি বলিউডেও অভিনয় করেছেন। তাকে দেখা গেছে চেন্নাই এক্সপ্রেস সিনেমার আইটেম গানে। তারও আগে মণি রত্নমের রাবণ সিনেমায় দেখা গেছে তাকে। তবে বেশি জনপ্রিয়তা পেয়েছেন দ্য ফ্যামিলি ম্যান সিরিজে অভিনয় করে। সম্প্রতি এ অভিনেত্রী কথা বললেন একটি বিতর্কিত বিষয় নিয়ে। মূলত অভিনেতারা যে দল নিয়ে চলেন তাদের খরচ নিয়ে মন্তব্য করেছেন প্রিয়ামণি। তার মতে, দল ও সেই দলের খরচ নিয়ে অভিনেতাদের সহনশীল হওয়া উচিত। এ অভিনেত্রী মনে করেন, চূড়ান্ত সিদ্ধান্ত প্রযোজক ও অভিনেতার মধ্যকার হলেও সেখানে ভারসাম্য থাকা জরুরি।
এ নিয়ে মন্তব্য করতে গিয়ে প্রিয়ামণি বলেন, ‘আমি মনে করি, অভিনেতাদের মানিয়ে নেয়ার মানসিকতা থাকা উচিত। আমাদের সবার পরিস্থিতি বুঝে একটু বিবেচক হওয়া উচিত। সেটা মাথায় রেখে, কিছুটা নমনীয় হওয়া যায়। আমরা এখানে কাজ করতে এসেছি এবং মূল ফোকাস সেটাই হওয়া প্রয়োজন। তবে আমি এখনো বিশ্বাস করি এটি সম্পূর্ণ ব্যক্তিগত পছন্দের বিষয়।’
নিজের অভিজ্ঞতা থেকে বলার সময় প্রিয়ামণি জানান, সত্যিকারের প্রয়োজনীয় টিম থাকলেই যথেষ্ট। তিনি স্বীকার করেন, অতীতে কিছু প্রযোজক অতিরিক্ত দাবিতে রাজি হয়েছেন, তবে সবাই এমন নাও হতে পারেন। প্রিয়ামণি বলেন, ‘আমি শুধু নিজের অভিজ্ঞতা থেকেই বলতে পারি। আমি বিশ্বাস করি, যদি আপনার একটি প্রয়োজনীয় টিম থাকে, তাহলেই আপনি সঠিকভাবে কাজ করতে পারবেন। কিছু প্রডাকশন হাউজ বা প্রযোজক হয়তো আগে এমন দাবিতে রাজি হয়েছেন, কিন্তু এমন অনেকেই আছেন যারা তাতে রাজি নন বা তারা এতে স্বস্তি বোধ করেন না।’
‘দ্য ফ্যামিলি ম্যান’ সিজন থ্রির জন্য প্রস্তুতি নিচ্ছেন প্রিয়ামণি। এ সময়ই দীপিকা পাড়ুকোনের ২৫ সদস্যের টিমের জন্য প্রযোজকের কাছে পাঁচতারকা হোটেলের বায়না নিয়ে বিতর্ক উঠেছে। আরো অনেক তারকার ক্ষেত্রেও এমন হয়েছে অতীতে। সে বিষয়েই কথা বলেছেন প্রিয়া। তিনি আরো বলেন, ‘অনেক দিন পর্যন্ত আমি জানতামই না যে, একজন অভিনেতা হিসেবে আলাদা করে এমন লোক থাকতে পারে যারা শুধু আপনাকে ইভেন্ট বা ইন্টারভিউর জন্য রেডি করার দায়িত্বে থাকবে। এটা আমার ক্যারিয়ারে অনেক পরে গিয়ে বুঝতে পেরেছি। তখনো আমার এক বন্ধু আমাকে স্টাইলিংয়ে সাহায্য করেছিল।’
সূত্র: হিন্দুস্তান টাইমস










