পোপ ফ্রান্সিস মারা গেলেন সোমবার। তার মৃত্যুতে শোকাবহ অবস্থা কেবল ভ্যাটিকান নয়, সারা বিশ্বে। তাকে নিয়ে কেউ লিখছেন অবিচুয়ারি, কেউ লিখছেন এলিজি। হলিউডও তাকে স্মরণ করেছে শ্রদ্ধা নিয়ে। এর মধ্যে কিংবদন্তি নির্মাতা মার্টিন স্করসেসি অন্যতম। তিনি পোপ ফ্রান্সিসকে একজন অসাধারণ মানুষ বলে উল্লেখ করেছেন।
মার্টিন স্করসেসি নিয়মিতই ভ্যাটিকানে যেতেন। সে সূত্রে এবং অন্য নানা স্থানেও পোপ ফ্রান্সিসের সঙ্গে তার সাক্ষাৎ হয়েছে। প্রতিবারই নতুন নানা বিষয় তিনি জেনেছেন এবং পোপকে নিয়ে তিনি উচ্ছ্বসিত হয়েছেন। ফ্রান্সিসের মৃত্যুর পরও তাকে সম্মান জানিয়েছেন স্করসেসি।
পোপ ফ্রান্সিসের কথা স্মরণ করে ভ্যারাইটিকে দেয়া এক সাক্ষাৎকারে স্করসেসি বলেন, ‘পোপ ফ্রান্সিসের সঙ্গে ভ্যাটিকান, চার্চ, বিশ্বের সঙ্গে তার যোগাযোগ ইত্যাদি নিয়ে বহু কথাই বলা যায়। সেসব কথার ভার আমি অন্যদের জন্য রাখছি। আমার কেবল মনে হয়, যেকোনো দিক থেকে দেখলেই তিনি একজন অসাধারণ মানুষ। তিনি নিজের কমতি বা দুর্বলতা নিজেই স্বীকার করতেন। তার মধ্য দিয়ে জ্ঞানের আলো ঠিকরে পড়ত। তিনি ছিলেন একজন নিপাট ভালো মানুষ। এছাড়া সবার ভালো করার একটা প্রবণতা তার মধ্যে ছিল। এছাড়া তিনি জানতেন, অজ্ঞতা একটা বড় অভিশাপ। পোপ ফ্রান্সিস কোনোদিন জ্ঞানের অন্বেষণ বন্ধ করেননি। অন্যের কাছে জ্ঞানের আলো ছড়ানোও বন্ধ করেননি। তিনি সবাইকে কাছে টেনেছেন, ধর্ম প্রচার করেছেন এবং ক্ষমা করতে শিখিয়েছেন।’
মার্টিন স্করসেসি তার সিনেমায় মানবতার কথা বলেন। সে কারণেই ফ্রান্সিসের সঙ্গে তার মত মেলে। এর আগেও বহুবার তিনি পোপ ফ্রান্সিসের প্রশংসা করেছেন। পোপের মৃত্যুকে নিজের ব্যক্তিগত ক্ষতি হিসেবে উল্লেখ করে স্করসেসি বলেন, ‘এ হারানোর বেদনা আমাকে গভীর থেকে ব্যথিত করেছে। তাকে জেনেছি অনেক কাছ থেকে। সেজন্য নিজেকে সৌভাগ্যবান মনে করি। তার উপস্থিতি ও হৃদ্যতার অভাব অনুভব করব।
সূত্র: ইয়ন










